EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’
অ অ

দেশের দুর্গম উপকূল, দ্বীপ ও চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে ভাসমান হাসপাতাল নির্মাণের পরিকল্পনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান তার সঙ্গে ছিলেন।

পরিদর্শনকালে দুই প্রতিমন্ত্রী ভাসমান তরী ঘুরে দেখেন এবং এর মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়ার উপযোগিতা ও সম্ভাব্য সেবা কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, সরকারের স্বাস্থ্য পরিকল্পনার অন্যতম প্রধান লক্ষ্য পিছিয়ে পড়া ও দুর্গম অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। বিশেষ করে উপকূল, দ্বীপ ও চরাঞ্চলের মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, এর মাধ্যমে দক্ষিণাঞ্চলের অন্তত চার থেকে পাঁচটি জেলার ৩০ থেকে ৪০টি দুর্গম উপজেলায় জটিল ও সাধারণভাবে দেখা যায় এমন রোগের আধুনিক চিকিৎসা এবং অস্ত্রোপচারের ব্যবস্থা করা সম্ভব হবে।

সরকারি সম্পদের সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, অতীতে বেসরকারি উদ্যোগে ছোট পরিসরে ভাসমান হাসপাতালের ভালো কিছু উদাহরণ রয়েছে। সরকারি ব্যবস্থাপনায় নৌপরিবহন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিদ্যমান সীমিত সম্পদ ও সুযোগ-সুবিধার কার্যকর সমন্বয় করে একটি সমন্বিত নৌ-ভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা গেলে তা উপকূলীয় মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের নারীদের স্বাস্থ্যসেবা, মিডওয়াইফদের মাধ্যমে নিরাপদ প্রসব ও প্রসব-পরবর্তী যত্ন, শিশুস্বাস্থ্য, সাধারণ অর্থোপেডিক চিকিৎসা ও হাড়ের অস্ত্রোপচার এবং চোখের ছানি অপারেশনের মতো সেবার ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দল গঠন করে ভাসমান হাসপাতালের মাধ্যমে এসব সেবা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, বরিশাল, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী ও বরগুনার দুর্গম চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিকল্প উপায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়টি সরকারের দীর্ঘদিনের পরিকল্পনা। বিশেষ করে যেসব প্রান্তিক মানুষ চাইলেও চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতাল কিংবা ঢাকায় যেতে পারেন না, তাদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।

পরিদর্শনকালে স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব ড. এ এন এম বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজীসহ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন