ফরিদপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসাসেবা ও সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন।
রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে তিনি চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থান করে সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল ত্যাগ করেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, পরিদর্শনের সময় ছুটি অনুমোদন না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (টিএফপিএ) রিনা আক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
এ ছাড়া হাসপাতালটি ১৫১ শয্যায় উন্নীত করার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা বাড়ানোর আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্ব দেন।