EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

অনুপস্থিত ফার্মাসিস্টকে বদলি

ডেইলি সান রিপোর্ট, হবিগঞ্জ

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৫:২০ পিএম

হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
অ অ

কোনো কর্মকর্তা-কর্মচারীকে আগে থেকে না জানিয়ে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে হাসপাতালে পৌঁছে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা, রোগীদের সুযোগ-সুবিধা এবং চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখার পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। মন্ত্রীকে কাছে পেয়ে রোগীরাও হাসপাতালের বিভিন্ন অব্যবস্থা ও সেবার মান নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন।

রোগীদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন স্বাস্থ্যমন্ত্রী এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতি দেখতে পেয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে আরও সতর্ক ও আন্তরিক হওয়ার নির্দেশ দেন।

এদিকে, হাসপাতালের ডিসপেনসারি পরিদর্শনে গিয়ে ছুটি ছাড়াই ফার্মাসিস্ট রিগান আহমেদকে অনুপস্থিত দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। পরে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে বদলির আদেশ দেওয়া হয়।

আরও পড়ুন