হামে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১
হামে মৃত্যু ও শনাক্তের সংখ্যায় দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে ঢাকা বিভাগ
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৫:৪৮ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৩১ শিশু। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুর প্রত্যেকেরই মৃত্যু হয়েছে সন্দেহজনক হামে। এই সময়ে আক্রান্ত এক হাজার ৩১ শিশুর মধ্যে ৭৫ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। বাকি ৯৫৬ শিশু সন্দেহজনক হামের রোগী হিসেবে শনাক্ত হয়েছে।
গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৩ হাজার ৬৯২। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭২৬ শিশুর শরীরে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৩৪ হাজার ৪৩৬ রোগী, যাদের মধ্যে ছাড়পত্র পেয়েছে এক লাখ ২৯ হাজার ৪৮৯ জন।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট মৃত্যু হয়েছে ৯৫৫ শিশুর। এর মধ্যে সন্দেহজনক হামে মারা গেছে ৮৫৬ জন, আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৯ জনের।
হামে মৃত্যু ও শনাক্তের সংখ্যায় দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে ঢাকা বিভাগ। এরপরের অবস্থানে আছে যথাক্রমে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।