উপজেলা পর্যায়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:১৪ পিএম
দেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদার করতে নতুন করে পাঁচ হাজার চিকিৎসকের পদ সৃষ্টি করছে সরকার। এর মধ্যে সহকারী সার্জন বা মেডিক্যাল অফিসার হিসেবে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন হিসেবে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে।
নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকদের বেতন-ভাতা বাবদ বছরে সরকারের ব্যয় হবে প্রায় ২৮৭ কোটি ৬৬ লাখ টাকা। এর বাইরে প্রশাসনিক ও পরিচালন ব্যয়ও থাকবে।
জানা গেছে, উপজেলা পর্যায়ে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এসব পদ সৃষ্টি করা হচ্ছে। এর অংশ হিসেবে দুই বেলা বহির্বিভাগ চালু, ল্যাবরেটরি ও জরুরি সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ জন্য সহকারী সার্জন ও মেডিক্যাল অফিসার পদে নতুন ৪ হাজার ৭০০টি পদ এবং সহকারী ডেন্টাল সার্জনের ৩০০টি পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে।
ইতিমধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের এ-সংক্রান্ত প্রস্তাবে সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এখন চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে রয়েছে।
সারা দেশের ৪৩০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব পদ সৃষ্টি করা হবে। এর মধ্যে ৩১ শয্যার ৪৮টি, ৫০ শয্যার ৩৭৩টি এবং ১০০ শয্যার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।
স্বাস্থ্য খাতে নতুন পদ সৃষ্টির ঘটনা এবারই প্রথম নয়। কোভিড-১৯ মহামারির সময় ২০১৯-২০ অর্থবছরে শুধু স্বাস্থ্যসেবা বিভাগে ১৫ হাজার ৩৮৮টি পদ সৃষ্টি করা হয়েছিল। এর মধ্যে ৬ হাজার সহকারী সার্জন বা সমমানের পদ এবং ৪ হাজার সিনিয়র স্টাফ নার্সের পদ ছিল উল্লেখযোগ্য।
সরকারি উদ্যোগে নতুন কর্মসংস্থান তৈরির অংশ হিসেবে চলতি অর্থবছরেও স্বাস্থ্য খাতে ১৫ হাজার ৮২০টি পদে নতুন জনবল নিয়োগ দেওয়া হবে।