ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উদ্বোধন, দেশে ২ কোটি ৬০ লাখ ক্যাপসুল মজুত আছে: স্বাস্থ্যমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:২৯ পিএম
দেশে বর্তমানে ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত আছে, উদ্বোধনের সময় স্বাস্থ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি জানান, দেশে বর্তমানে ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত রয়েছে এবং ক্যাম্পেইনে কোনো শিশু বাদ পড়লে পরবর্তী দিন নির্ধারিত কেন্দ্রে তাকে ক্যাপসুল খাওয়ানো হবে।
রবিবার (২৮ জুন) সকালে রাজধানীর আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় সারা দেশে ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৫৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে।
তিনি আরও বলেন, ক্যাম্পেইনের দিন কোনো শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরবর্তী দিন নির্ধারিত কেন্দ্রে তাকে ক্যাপসুল প্রদান করা হবে। এ জন্য পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত রয়েছে।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, শিশুদের পুষ্টি নিশ্চিত করা, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত জটিলতা কমাতে সরকার নিয়মিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। তিনি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে গিয়ে ক্যাম্পেইনে অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হবে এবং দেশের শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।