EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

সব প্রতিবন্ধী শিশুকে সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আনতে বিশেষ প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০২:০৩ পিএম

সব প্রতিবন্ধী শিশুকে সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আনতে বিশেষ প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
অ অ

গ্রাম থেকে শহর, দেশের সব প্রতিবন্ধী শিশুকে সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আনতে বিশেষ প্রকল্প প্রণয়ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী অর্থবছর থেকে উপজেলা পর্যায় পর্যন্ত এ সেবা সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেন, আগামী ৩০ জুন পাস হতে যাওয়া জাতীয় বাজেটে প্রতিবন্ধী জনগোষ্ঠী এবং প্রতিবন্ধিতা নিরূপণ ও হ্রাসে বিশেষ অর্থনৈতিক বরাদ্দ রাখা হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে সিএসএফ সেন্টারের সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘প্রতিটি শিশুর সম্ভাবনার বিকাশে প্রতিবন্ধিতা নিরূপণ, পুনর্বাসন ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা’ প্রতিপাদ্য নিয়ে কেন্দ্রটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়; সমাজের পিছিয়ে থাকা মানুষকে সম-অধিকার নিশ্চিত করাই মানবিক উন্নয়নের মূল ভিত্তি। এ লক্ষ্যেই সরকার নীতিনির্ধারণ, বাজেট ও সেবাব্যবস্থায় পরিবর্তন এনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করছে।

তিনি বলেন, জন্মগত বা অন্যান্য কারণে প্রতিবন্ধিতায় আক্রান্ত কোনো শিশু যাতে অবহেলায় হারিয়ে না যায়, সেজন্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। তারা যেন লেখাপড়া, কর্মসংস্থান ও স্বাভাবিক জীবনে অংশ নিতে পারে, সে লক্ষ্যে রাষ্ট্রীয় পর্যায়ে স্থায়ী উদ্যোগ নেওয়া হচ্ছে।

ডা. মুহিত জানান, স্বাস্থ্য অধিদপ্তরের প্রণীত নতুন প্রকল্পের আওতায় দেশের প্রতিটি উপজেলায় বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে শহর, নগর ও প্রত্যন্ত গ্রামে বসবাসকারী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সরাসরি সরকারি স্বাস্থ্যসেবা পাবেন।

শিক্ষাক্ষেত্রেও প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে বলে জানান তিনি। জেলা ও উপজেলা পর্যায়ের সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য উপযোগী পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

কড়াইল বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, ডা. জোবায়দা রহমান উদ্বোধন করা ‘শিশু স্বর্গ’ কর্মসূচি বছরজুড়ে চালু থাকবে। দেশের বিভিন্ন বিশেষায়িত হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত সিএসএফ সেন্টারে এসে শিশুদের চিকিৎসাসেবা দেবেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং সিএসএফ সেন্টারের সাধারণ সম্পাদক আবু ঈসা মোহাম্মদ মঈন উদ্দিন বক্তব্য দেন।

আরও পড়ুন