EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

জন্মগত হৃদরোগীদের পাশে সরকার, ১০০ রোগী পেল আর্থিক সহায়তা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:২২ পিএম

জন্মগত হৃদরোগীদের পাশে সরকার, ১০০ রোগী পেল আর্থিক সহায়তা

জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

অ অ

জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশু ও রোগীদের চিকিৎসা সহায়তায় সরকারের মানবিক উদ্যোগের অংশ হিসেবে ১০০ জন রোগীর মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সমাজসেবা কার্যালয়ের রোগীকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকার দেশের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চিকিৎসার অভাবে যেন কোনো মানুষ দুর্ভোগে না পড়ে, সে লক্ষ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও সম্প্রসারণ করা হচ্ছে।

তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ১ কোটি ২ লাখ ৬২ হাজার মানুষ হৃদরোগে আক্রান্ত এবং প্রতি বছর নতুন করে প্রায় ৯ লাখ ৯৩ হাজার মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছেন। হৃদরোগ প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত ব্যায়াম, ধূমপান বর্জন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার আহ্বান জানান।

মন্ত্রী আরও জানান, জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তায় গত এক বছরে প্রায় ৩০০ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আগামী বাজেটে বিভিন্ন জটিল রোগের চিকিৎসা ও প্রতিরোধে ৬০০ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, হৃদরোগ বাংলাদেশে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। দেশে প্রতি বছর প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষ হৃদরোগ ও সংশ্লিষ্ট জটিলতায় মারা যান। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার হৃদরোগ চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটকে আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে আরও শক্তিশালী করা হচ্ছে। পাশাপাশি গ্রামাঞ্চল পর্যন্ত স্বাস্থ্যশিক্ষা, নিয়মিত স্ক্রিনিং কার্যক্রম, তামাকবিরোধী প্রচারণা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

অনুষ্ঠানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, চিকিৎসক, কর্মকর্তা, রোগী ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে জন্মগত হৃদরোগে আক্রান্ত ১০০ জন রোগীর প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেন সমাজকল্যাণমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী। আয়োজকরা জানান, এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন