স্বাস্থ্য খাতের বাজেট ৫ গুণ করার ঘোষণা প্রতিমন্ত্রীর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পিএম
দেশের স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনাকে ‘নজিরবিহীন’ উল্লেখ করে এই ভেঙে পড়া ব্যবস্থা মেরামতের চ্যালেঞ্জ সরকার গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই সঙ্গে নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বাস্থ্য খাতের বাজেট পাঁচ গুণ বাড়ানোর পরিকল্পনার কথা জানান তিনি।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে গুলশানের হোটেল সিক্স সিজনে সাইটসেভার্স ও পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান গিল্ডান অ্যাকটিভওয়্যার-এর যৌথ উদ্যোগে ‘কমপ্রিহেনসিভ আই কেয়ার সার্ভিসেস’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি বলেন, বিগত বছরগুলোতে হেলথ সেক্টরে যে পরিমাণ দুর্নীতি ও অব্যবস্থাপনা হয়েছে তা নজিরবিহীন। এই ব্রোকেন সিস্টেমকে জোড়া লাগানো এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।
তিনি আরও বলেন, বর্তমানে যে বাজেট বরাদ্দ হয়, সক্ষমতার অভাবে তার পুরোটা অনেক সময় খরচ করা সম্ভব হয় না। এই সক্ষমতা বাড়ানো এখন জরুরি।
প্রতিমন্ত্রী সাইটসেভার্স ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে ড. মুহিত বলেন, শুধু আই কেয়ার নয়, আমাদের নজর দিতে হবে প্রতিবন্ধী শিশুদের ওপর। সাভারের দুটি ইউনিয়নে কয়েক হাজার প্রতিবন্ধী শিশু থাকতে পারে। তাদের দ্রুত শনাক্তকরণ এবং সঠিক থেরাপি দিতে পারলে তাদের মূল ধারায় ফিরিয়ে আনা সম্ভব।
তিনি আরও বলেন, শারীরিক প্রতিবন্ধী শিশুদের খুঁজে পাওয়া সহজ, শুধু প্রয়োজন সঠিক উদ্যোগ ও ফিজিওথেরাপি। স্বাস্থ্যসেবা প্রতিটি নাগরিকের অধিকার
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এ এস এম এম কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মো. মহসীন, সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্টর অমৃত রেজিনা রোজারিও এবং গিল্ডান অ্যাকটিভওয়্যারের ফাইন্যান্স ডিরেক্টর ডেভিড চার্লস পেৎজার। অনুষ্ঠানে বিজিএমইএ ও বিভিন্ন আন্তর্জাতিক এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।