গুগলের বিনা মূল্যের এআই কোর্স, সঙ্গে সার্টিফিকেট
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১০:২৪ এএম
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে দক্ষতা বাড়াতে আগ্রহীদের জন্য বিনা মূল্যে অনলাইন কোর্স চালু রেখেছে গুগল। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও পেশাজীবীরা এসব কোর্সে অংশ নিতে পারবেন। কোর্স শেষ করলে গুগলের পক্ষ থেকে ডিজিটাল ব্যাজ বা সার্টিফিকেট পাওয়া যাবে।
গুগল ক্লাউডের Generative AI Learning Path-এর আওতায় এসব কোর্স পরিচালিত হচ্ছে। কোর্সগুলো স্বল্প সময়ের এবং যেকোনো সময় শুরু করা যায়। নিবন্ধনের জন্য কোনো ফি দিতে হয় না। পাশাপাশি আবেদনের নির্দিষ্ট শেষ তারিখও নেই।
যেসব কোর্স রয়েছে
গুগলের এআই শেখার এই উদ্যোগে বিভিন্ন বিষয়ে একাধিক কোর্স রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—
১. জেনারেটিভ এআই পরিচিতি: জেনারেটিভ এআই কী, এর ব্যবহার এবং প্রচলিত এআই থেকে এর পার্থক্য সম্পর্কে প্রায় ৪৫ মিনিটের প্রাথমিক কোর্স।
২. বৃহৎ ভাষা মডেল পরিচিতি: বড় ভাষা মডেল বা এলএলএম কীভাবে কাজ করে এবং কোথায় ব্যবহার করা হয়, তা শেখানো হয় প্রায় ৪৫ মিনিটের এই কোর্সে।
৩. দায়িত্বশীল এআই পরিচিতি: দায়িত্বশীল এআই কী, কেন এটি গুরুত্বপূর্ণ এবং গুগল কীভাবে তাদের পণ্য ও সেবায় এআই ব্যবহার করে, তা শেখানো হয়।
৪. ভার্টেক্স এআইয়ে প্রম্পট ডিজাইন: কার্যকর প্রম্পট লেখা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এআই থেকে ভালো ফল পাওয়ার কৌশল এবং ছবি বিশ্লেষণ শেখানো হয়। কোর্সটির সময় প্রায় ৫ ঘণ্টা ১৫ মিনিট।
৫. গুগল ক্লাউডে এআই নীতিমালার প্রয়োগ: বাস্তব ক্ষেত্রে দায়িত্বশীল এআইয়ের নীতিমালা কীভাবে প্রয়োগ করা যায়, সে বিষয়ে প্রায় দেড় ঘণ্টার কোর্স রয়েছে।
কারা অংশ নিতে পারবেন
বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী ও আগ্রহী ব্যক্তি এসব কোর্সে অংশ নিতে পারবেন। বয়স, শিক্ষাগত যোগ্যতা বা নির্দিষ্ট একাডেমিক বিষয়ের কোনো বাধ্যবাধকতা নেই।
কী সুবিধা পাওয়া যাবে
কোর্সগুলোতে অংশ নিতে কোনো নিবন্ধন ফি দিতে হবে না। অংশগ্রহণকারীরা এআই সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জনের পাশাপাশি কোর্স সফলভাবে শেষ করলে গুগলের ডিজিটাল ব্যাজ বা সার্টিফিকেট পাবেন। এসব ব্যাজ বা সার্টিফিকেট জীবনবৃত্তান্ত ও পেশাগত প্রোফাইলে যুক্ত করা যাবে।
যেভাবে নিবন্ধন করবেন
আগ্রহীদের প্রথমে গুগল ক্লাউডের অফিসিয়াল ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এরপর পছন্দের কোর্স নির্বাচন করে ভিডিও, পাঠ্যসামগ্রী, কুইজ ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে হবে।
সব ধাপ সফলভাবে শেষ করার পর প্রোফাইল থেকে ডিজিটাল ব্যাজ বা সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।
কোর্সগুলোতে নিবন্ধনের কোনো নির্দিষ্ট শেষ তারিখ নেই। তাই আগ্রহীরা সুবিধাজনক সময়ে কোর্স শুরু করতে পারবেন।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।