চালু হলো হোয়াটসঅ্যাপ ‘ডুয়েল অ্যাকাউন্ট’ ফিচার
ব্যক্তিগত ও পেশাগত চ্যাট এখন আলাদা ফোল্ডারে
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম
ছবি: সংগৃহীত
ব্যবহারকারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে একই স্মার্টফোনে দুটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা চালু করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।
‘ডুয়েল অ্যাকাউন্ট’ নামের এই নতুন ফিচারের মাধ্যমে এখন থেকে ব্যক্তিগত ও পেশাগত আলাপচারিতা আরও সহজ ও সুশৃঙ্খল হবে।
বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও, একটি ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ না থাকায় এতদিন বিপাকে পড়তে হতো।
বিশেষ করে যারা ব্যক্তিগত এবং অফিসের কাজের জন্য আলাদা নম্বর ব্যবহার করেন, তাদের দুটি ফোন অথবা ‘অ্যাপ ক্লোনিং’- এর মতো জটিল পদ্ধতির আশ্রয় নিতে হতো। এতে অনেক সময় গুরুত্বপূর্ণ বার্তা হাতছাড়া হয়ে যেত।
নতুন এই ফিচারের ফলে একটি অ্যাপের ভেতরেই ব্যবহারকারীরা দ্রুত এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সুইচ (প্রবেশ) করতে পারবেন।
প্রযুক্তি বিষয়ক সাইট ‘গেজেটসনাউ’-এর তথ্য অনুযায়ী, একই ফোনে দুটি অ্যাকাউন্ট চালাতে হলে ব্যবহারকারীর অবশ্যই দুটি আলাদা ফোন নম্বর থাকতে হবে। এ ক্ষেত্রে স্মার্টফোনটিতে মাল্টি-সিম অথবা ই-সিম সুবিধা থাকা প্রয়োজন।
অ্যাকাউন্ট খোলার পদ্ধতি
১. প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংস মেন্যুতে যেতে হবে। ২. নামের পাশে থাকা ‘অ্যাড অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করতে হবে। ৩. দ্বিতীয় ফোন নম্বরটি ইনপুট দেওয়ার পর মোবাইলে আসা ভেরিফিকেশন কোড দিয়ে অ্যাকাউন্টটি সক্রিয় করতে হবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, দুটি অ্যাকাউন্ট সেটআপ হয়ে গেলে ব্যবহারকারী অ্যাপের ভেতরে প্রোফাইল নামের পাশে থাকা ‘তির’ চিহ্নে ট্যাপ করেই পছন্দের অ্যাকাউন্টে যেতে পারবেন।
সবচেয়ে বড় সুবিধা হলো- প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা নোটিফিকেশন সেটিংস, চ্যাট মিউট বা আর্কাইভ এবং গোপনীয়তা রক্ষার সুবিধা থাকবে। অর্থাৎ, একটি অ্যাকাউন্টের সেটিংস অন্যটির ওপর কোনো প্রভাব ফেলবে না।
প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে এই ফিচারটি উন্মুক্ত করা হচ্ছে। তবে আইফোন ব্যবহারকারীদের জন্য এই সুবিধা কবে নাগাদ আসবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো ঘোষণা দেয়নি মেটা কর্তৃপক্ষ।