EN ☀️
×

Follow Us

গেজেট

পেশাদার ছবি সম্পাদনা: স্মার্টফোনে চমক তৈরি করবে যে ৫টি অ্যাপ

গুগলের তৈরি স্ন্যাপসিড অ্যাপটি পেশাদার থেকে শুরু করে নবীন- সব ধরনের ব্যবহারকারীর জন্য উপযোগী। এতে রয়েছে ২৯টি টুল ও ফিল্টার।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৮:২৯ এএম

পেশাদার ছবি সম্পাদনা: স্মার্টফোনে চমক তৈরি করবে যে ৫টি অ্যাপ

ছবি: সংগৃহীত

অ অ

স্মার্টফোননির্ভর ফটোগ্রাফির জনপ্রিয়তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানসম্মত ‘আধেয় বা কনটেন্ট’ তৈরির প্রবণতা বাড়ায় বিনা মূল্যের মোবাইল ফটো এডিটিং অ্যাপের চাহিদা বহুগুণ বেড়েছে। এখন আর দামি সফটওয়্যার বা কম্পিউটারের প্রয়োজন নেই; মোবাইল ফোন ব্যবহার করেই পেশাদার মানের ছবি সম্পাদনা করা যাচ্ছে, তাও আবার সম্পূর্ণ বিনা খরচে।

গুগলের প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপস্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করার সুযোগ রয়েছে এমন পাঁচটি জনপ্রিয় ও কার্যকর ফটো এডিটিং অ্যাপের ব্যবহারিক দিক নিয়ে এই প্রতিবেদন।

১. স্ন্যাপসিড (Snapseed)

গুগলের তৈরি স্ন্যাপসিড অ্যাপটি পেশাদার থেকে শুরু করে নবীন- সব ধরনের ব্যবহারকারীর জন্য উপযোগী। এতে রয়েছে ২৯টি টুল ও ফিল্টার।

উল্লেখযোগ্য টুল: অপ্রয়োজনীয় বস্তু সরানোর জন্য ‘হিলিং’ সুবিধা, আলো ও রং নিয়ন্ত্রণের জন্য ‘ব্রাশ টুল’, টেক্সশ্চার স্পষ্ট করার জন্য ‘স্ট্রাকচার’ এবং ছবির নির্দিষ্ট জায়গায় সূক্ষ্ম সম্পাদনার জন্য ‘সিলেক্টিভ টুল’।

বিশেষত্ব: পারসপেক্টিভ ঠিক করা, ক্যানভাস বড় করা এবং লেন্স ব্লার, এইচডিআর স্কেপ, ভিনটেজ ইফেক্ট যোগ করার সুবিধা আছে। অ্যাপটি জেপিইজে ও মূল (র) ফাইল ফরম্যাটে কাজ করে এবং সম্পাদনার সময় ছবির মূল মান অক্ষুণ্ণ রাখে।

২. অ্যাডোবি লাইটরুম মোবাইল (Adobe Lightroom Mobile)

অ্যাডোবির জনপ্রিয় সফটওয়্যার লাইটরুমের এই মোবাইল সংস্করণটি ছবি সম্পাদনার জন্য শক্তিশালী টুল সরবরাহ করে, যার অধিকাংশই বিনা মূল্যে ব্যবহার করা যায়।

সম্পাদনার ক্ষেত্র: আলো, ছায়া, কনট্রাস্ট ও হোয়াইট ব্যালান্স সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করা যায়। কালার মিক্সচার ও কালার গ্রেডিং টুল ব্যবহার করে রঙের গভীরতা ও ভারসাম্য নির্ধারণ সম্ভব।

বিশেষত্ব: ক্রপ, রোটেশন ও সাধারণ স্পট দূর করার টুল ছাড়াও পেশাদার মানের অসংখ্য 'প্রিসেট' সহজে ব্যবহার করা যায়, যা অল্প সময়ে ছবির রূপ পাল্টে দিতে পারে। এর সহজ ইন্টারফেস ব্যবহারকারীদের দ্রুত কাজ সম্পন্ন করতে সাহায্য করে।

৩. পিকসআর্ট (Picsart)

ছবি সম্পাদনা, কোলাজ তৈরি এবং আঁকার সুবিধা- সব মিলিয়ে এটি একটি বহুমুখী অ্যাপ। সৃজনশীল কনটেন্ট তৈরির ক্ষেত্রে এটি বেশ জনপ্রিয়।

সৃজনশীল ফিচার: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর টুল ব্যবহার করে সহজেই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন বা অপসারণ করা যায়। এতে রয়েছে নানা ফিল্টার, আর্টিস্টিক ইফেক্ট, কাস্টমাইজযোগ্য স্টিকার এবং আকর্ষণীয় লেখা যুক্ত করার সুবিধা।

ফ্রি সুবিধা: ফ্রি ব্যবহারকারীরাও একাধিক ছবি একসঙ্গে সম্পাদনা করতে পারেন এবং কোলাজ লেআউট ও ফ্রি স্টক কনটেন্ট ব্যবহার করতে পারেন।

৪. পিক্সলার (Pixlr)

মোবাইল এবং ওয়েব- দুই সংস্করণেই পাওয়া যায় এই অ্যাপটি। এটি দ্রুত সম্পাদনা থেকে শুরু করে জটিল ডিটেইল কাজ করার সুযোগ দেয়।

কার্যপদ্ধতি: ‘পিক্সলার এক্স’ মোডে দ্রুত ও এক-ক্লিকে সম্পাদনা এবং 'পিক্সলার ই' মোডে ফটোশপের মতো লেয়ারভিত্তিক সম্পাদনার সুবিধা রয়েছে।

আর্টিস্টিক ইফেক্ট: ডিসপারশন, বোকেহ এবং গ্লিচের মতো শৈল্পিক ইফেক্ট ব্যবহার করা যায়। সম্প্রতি এতে এআইনির্ভর ব্যাকগ্রাউন্ড রিমুভাল ও জেনারেটিভ টুলও যুক্ত হয়েছে।

৫. অ্যাডোবি ফটোশপ এক্সপ্রেস (Adobe Photoshop Express)

ফটোশপের মোবাইলবান্ধব এই সংস্করণটি দ্রুত ও সহজ সম্পাদনার জন্য বিশেষভাবে তৈরি।

সহজ সম্পাদনা: সাধারণ সম্পাদনার পাশাপাশি এক ক্লিকে দাগ বা অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলা যায়। ব্যাকগ্রাউন্ড বদলানো, ছবি সোজা করা এবং আলোর ভারসাম্য ঠিক করার সুযোগ রয়েছে।

অন্যান্য সুবিধা: অ্যাপের 'লুকস' নামের ফিল্টার ও ইফেক্ট ব্যবহার করে মুহূর্তেই ছবির মুড বদলে দেওয়া যায়। এতে কোলাজ মেকারও রয়েছে, যেখানে নানা গ্রিড ও বর্ডার স্টাইল বেছে নেওয়া যায়।

(সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস)

আরও পড়ুন