ডক্টর উপাধি পাচ্ছেন মেসি, কারণ জানলে অবাক হবেন
বিদায়ী ম্যাচের আগে মেসির হাতে সম্মাননা তুলে দেওয়া হবে
খেলা ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পিএম
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসিকে সম্মানসূচক ডিগ্রি দেবে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়। ছবি: রয়টার্স
বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় লিওনেল মেসিকে সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি (ডক্টর হোনরিস কউসা) দিচ্ছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্ষদ এ সিদ্ধান্ত নেয়। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচের আগে তাঁকে এই সম্মাননা দেওয়া হবে। ওই ম্যাচই আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ।
বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্ষদ প্রস্তাবটি তোলে এবং সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। প্রস্তাবের সূচনায় মেসির ক্যারিয়ারকে উৎকর্ষ, অধ্যবসায়, বিনয় ও নৈতিক আচরণের এক অনন্য দৃষ্টান্ত বলা হয়েছে। সেখানে আরও বলা হয়, জাতীয় দলের প্রতিনিধিত্ব করার প্রতি তাঁর অঙ্গীকারও দৃষ্টান্ত হয়ে আছে। এসব মূল্যবোধ বিশ্ববিদ্যালয় ইতিহাসজুড়ে লালন করে আসছে।
প্রস্তাবে জাতীয় দলের হয়ে মেসির সাফল্যও তুলে ধরা হয়েছে। ২০২১ কোপা আমেরিকা জয়ের পর তিনি ২০২২ ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জিতেছেন।
বিশ্ববিদ্যালয়ের রেক্টর রিকার্দা গেলপি বলেন, মেসির পরিসংখ্যান ও খেলোয়াড়ি অর্জনের বাইরেও তাঁরা একজন বিনয়ী ও অদম্য মানুষকে সম্মান জানাতে চান। তাঁর মতে, মেসি আর্জেন্টিনার জনসংস্কৃতি ও জাতীয় পরিচয়ের উজ্জ্বল প্রতীক ও দূত। গেলপি আরও বলেন, এই সম্মাননা এমন একজনের গুরুত্ব ও প্রভাবকে তুলে ধরে, যিনি খেলাধুলার গণ্ডি পেরিয়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছেন।
সহ-উপাচার্য এমিলিয়ানো ইয়াকোবিত্তি বলেন, এই ডিগ্রি শুধু মেসির ফুটবল ক্যারিয়ারের স্বীকৃতি নয়। তাঁর ভাষায়, এটি ইউবিএর পক্ষ থেকে পুরো আর্জেন্টাইন সমাজের কৃতজ্ঞতা ও শ্রদ্ধার নিদর্শন।
গত আগস্টে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। ঘরের মাঠে ভালোভাবে বিদায় দিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাঁকে আরও এক ম্যাচ খেলার অনুরোধ জানায়। মেসি তাতে রাজি হন।
আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার তিনটি প্রীতি ম্যাচ রয়েছে। এর শেষটি খেলেই জাতীয় দলের জার্সি তুলে রাখবেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। আজ বলিভিয়ার বিপক্ষে ৪-০ গোলের জয়ের ম্যাচে মেসি ছিলেন না। আগামী রোববার ভোরে বুরকিনা ফাসোর বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচেও তিনি খেলবেন না।