সকালে উঠলেই মুখ ফোলা? রাতের নুডলস দায়ী না তো?
ডেইলি সান রিপোর্ট, লাইফস্টাইল
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম
রাতের কিছু অভ্যাস আপনার ঘুম, হরমোনের গোলমাল আর রক্তচাপের বারোটা বাজাচ্ছে। ছবি: সংগৃহীত
সকালে ঘুম থেকে ওঠার পর মুখ ফোলা ফোলা লাগে। হাতে আংটি থাকলে তা আঙ্গুলে চেপে থাকে। জানেন কী কেন এমন হয়? দীর্ঘদিন ধরে চালানো রাতের কয়েকটি অভ্যাস এই ফোলাভাবের জন্য দায়ী।
ক্ষুধা পেলে বা ঘুম না এলে এক প্যাকেট চিপস, চানাচুর বা ইনস্ট্যান্ট নুডলস অনেকেই খান। অনেকেই খাওয়ার পাতে কাঁচা লবণ খান। তবে এই অভ্যাসটাই রাতের পর রাত আপনার ঘুম, হরমোনের গোলমাল আর রক্তচাপের বারোটা বাজাচ্ছে।
একদিন রাতে বেশি নোনতা খাবার খেলে শরীরের বড় ক্ষতি হয় না। কিন্তু রোজ রাতে বেশি লবণ খেলে তার প্রভাব পড়ে সরাসরি ঘুমের উপর। নোনতা খাবার খাওয়ার পর শরীরে বাড়ে কর্টিসল হরমোনের মাত্রা। এই হরমোনকে বলা হয় স্ট্রেস হরমোন।
রাতে অতিরিক্ত নোনতা খাবার খেলে বারবার প্রস্রাব পায়। সব মিলিয়ে ঘুমের ব্যাঘাত ঘটে। আর খারাপ ঘুমের ফলেই পরের দিন সন্ধ্যায় কর্টিসল আরও বেড়ে যায়। আর কর্টিসল বাড়লেই ক্ষুধা বাড়ে। তখন রাতে আবার স্ন্যাক্স খাওয়ার ইচ্ছা হয়।
পানি আর ব্লাড প্রেশার নিয়ন্ত্রণকারী অন্য হরমোনগুলিও ওলটপালট হয়ে যায়।
অ্যালডোস্টেরন কমে যায়
এই হরমোন কিডনিকে লবণ ধরে রাখার নির্দেশ দেয়। লবণ বেশি হলে শরীর নিজে থেকেই অ্যালডোস্টেরন কমিয়ে দেয়।
ভ্যাসোপ্রেসিন বেড়ে যায়
নোনতা খাবার রক্তে সোডিয়ামের মাত্রা বাড়িয়ে দেয়। তখন পানির তৃষ্ণা পায়, আর ভ্যাসোপ্রেসিন হরমোন বেরিয়ে কিডনিকে পানি ধরে রাখতে বলে।
এই কারণেই রাত ৩টায় গলা শুকিয়ে ঘুম ভাঙে। আর সকালে উঠে দেখা যায় মুখ ফোলা, আঙুলে আংটি এঁটে বসে গিয়েছে।
রাতে ব্লাড প্রেশার নামে না
সুস্থ মানুষের ঘুমের সময়ে ব্লাড প্রেশার স্বাভাবিকভাবে ১০-২০ শতাংশ কমে যায়। এটাকে বলে নাইট ডিপিং। কিন্তু যাঁরা রাতে বেশি লবণ খান, তাঁদের ক্ষেত্রে এই কমে যাওয়াটা ঠিকমতো হয় না। ফলে সারারাত প্রেশার বেশি থাকে, ঘুম ভাল হয় না।
তাহলে কতটা লবণ খাওয়া উচিত?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) বলছে, দিনে ৫ গ্রামের কম নুন খাওয়া উচিত। অর্থাৎ প্রায় এক চা-চামচ। কিন্তু রাতে ইনস্ট্যান্ট নুডল্স, পিৎজা, চিপস খেলে সেই সীমা পেরিয়ে যায়।
রাতের খাওয়ার অভ্যাস বদলে ফেলুন
সকালের ফোলাভাব কমাতে রাতে কী করবেন ডিনার সেরে ফেলুন ঘুমের ২-৩ ঘণ্টা আগে। শুতে যাওয়ার ঠিক আগে ভারী, নোনতা খাবার খাবেন না। রাতে আচার, পাঁপড় এড়িয়ে চলুন।
কিডনি সুস্থ রাখতে দই, কলা, শাকসব্জি বেশি করে খান। পটাশিয়াম কিডনিকে সোডিয়াম বের করে দিতে সাহায্য করে।
শোওয়ার ঠিক আগে একসঙ্গে অনেক পানি না খেয়ে, সন্ধ্যা থেকে অল্প অল্প করে খান। তাতে রাতে বাথরুমের চাপ কমবে।
কাদের বেশি সতর্ক হতে হবে?
উচ্চ রক্তচাপ, কিডনির রোগ, হৃদরোগ, লিভার সিরোসিস থাকলে লবণ নিয়ে বাড়তি সতর্কতা জরুরি।
আর যারা নাক ডাকেন বা স্লিপ অ্যাপনিয়া আছে, তাঁদেরও লবণ খাওয়া কমাতে হবে। কারণ পানি জমে গেলে শ্বাসনালির চারপাশে ফোলা আরও বাড়ে, ঘুম আরও খারাপ হয়।