EN ☀️
×

Follow Us

ফিচার

এখন কেমন আছে ‘ট্রাম্প’?

ফিচার ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২০ পিএম

এখন কেমন আছে ‘ট্রাম্প’?

বিএলআরআইয়ে গবেষণার জন্য রাখা অ্যালবিনো মহিষ ‘ট্রাম্প’।

অ অ

গায়ের ধবধবে সাদা রং আর মাথার সোনালি আভার বাহারি চুল—এই অনন্য রূপের কারণে গত ঈদুল আজহায় সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে দেশি-বিদেশি গণমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছিল একটি মহিষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামের সঙ্গে মিলিয়ে যার নাম রাখা হয়েছিল ‘ট্রাম্প’।

কোরবানির হাটে রাজকীয় বিদায় নেওয়া সেই আলোচিত অ্যালবিনো (সাদা) মহিষটির ঠিকানা এখন সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)। কোরবানির পশু হিসেবে নয়, বরং দেশের প্রাণিসম্পদ খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে এটি এখন ব্যবহৃত হচ্ছে বৈজ্ঞানিক গবেষণায়।

বিএলআরআই কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাকৃতিক পরিবেশে মহিষটি বেশ সুস্থ ও ভালো আছে। শীত নামলেই মহিষটির বীর্য সংগ্রহ করে দীর্ঘমেয়াদে সংরক্ষণের পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে এই বীর্য দিয়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে অ্যালবিনো মহিষের জাত ও বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত গবেষণা চালানো হবে।

বিএলআরআইয়ের কর্মকর্তারা জানান, কোরবানির জন্য অতিরিক্ত মোটাতাজা করায় মহিষটি শুরুতে প্রজননের উপযোগী ছিল না। গত প্রায় চার মাসের নিবিড় পরিচর্যায় এর ওজন কমিয়ে প্রজনন-উপযোগী করার চেষ্টা করা হয়েছে। বর্তমানে মহিষটির ওজন কমে প্রায় সাড়ে পাঁচ শ কেজিতে নেমে এসেছে।

শীতকাল মহিষের প্রজননের সবচেয়ে উপযুক্ত সময় হওয়ায় গবেষকেরা এখন শীতের অপেক্ষায় আছেন। আবহাওয়া কিছুটা ঠান্ডা হলেই মহিষটির বীর্য সংগ্রহের প্রক্রিয়া শুরু হবে। প্রতিষ্ঠানটির তথ্যমতে, আধুনিক পদ্ধতিতে এই বীর্য ৫০ থেকে ৬০ বছর, এমনকি ক্ষেত্রবিশেষে ১০০ বছর পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। গবেষকেরা কয়েক হাজার ডোজ বীর্য সংগ্রহ করে রাখতে চান।

কেন এই গবেষণা গুরুত্বপূর্ণ?

বাংলাদেশে সাধারণত মহিষের গায়ের রং কালো বা গাঢ় ধূসর হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম এ এম ইয়াহিয়া খন্দকারের মতে, ডিএনএ বা জিনের মিউটেশনের কারণে মহিষ অ্যালবিনো বা সাদা হতে পারে। প্রচলিত ধারণা রয়েছে যে, অ্যালবিনো মহিষের রোগপ্রতিরোধ ও উৎপাদনক্ষমতা কম হয়। তবে অধ্যাপক ইয়াহিয়া খন্দকার মনে করেন, বৈজ্ঞানিক গবেষণা ছাড়া এমন সিদ্ধান্তে পৌঁছানো যৌক্তিক নয়।

বিএলআরআইয়ের মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেব জানান, একটি মাত্র মহিষ দিয়ে পূর্ণাঙ্গ গবেষণা সম্ভব নয়। বীর্য সংগ্রহ সফল হলে সরকারের কাছে কয়েকটি স্ত্রী অ্যালবিনো মহিষ কেনার প্রস্তাব দেওয়া হবে। পাশাপাশি যেসব খামারির কাছে অ্যালবিনো মহিষ রয়েছে, তাদেরও এই বীর্য দেওয়া হবে। এর মাধ্যমে বাংলাদেশে অ্যালবিনো মহিষের উৎপাদনক্ষমতা, আয়ুষ্কাল ও রোগপ্রতিরোধক্ষমতা কেমন, তা বৈজ্ঞানিকভাবে যাচাই করা সম্ভব হবে।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালন-পালন করা হয়েছিল মহিষটিকে। এর চুলের স্টাইল দেখে খামারি জিয়া উদ্দিন মৃধার ভাই এর নাম দেন ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে কেরানীগঞ্জের জিনজিরার মনিরুজ্জামান মহিষটি কিনে নেন। গত ২৫ মে খামার থেকে লালগালিচা বিছিয়ে, রঙিন ধোঁয়া উড়িয়ে রাজকীয় আয়োজনে মহিষটিকে বিদায় জানানো হয়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

মহিষটিকে ঘিরে দেশজুড়ে ব্যাপক কৌতূহল তৈরি হলে সরকার এটি সংরক্ষণের উদ্যোগ নেয়। ঈদুল আজহার আগের দিন অর্থাৎ ২৭ মে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহিষটি হেফাজতে নিয়ে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় রাখে। সেখানেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে।

অবশেষে গত ২১ জুন মহিষটিকে জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারের বিএলআরআইয়ে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় এক মাস কোয়ারেন্টাইনে রেখে বিভিন্ন রোগবালাই ও সংক্রমণ পরীক্ষা করা হয়। কোনো অসুখ শনাক্ত না হওয়ায় এটিকে মূলধারার খামারে যুক্ত করা হয়েছে। তবে ষাঁড় মহিষ একসঙ্গে রাখলে মারামারি করার প্রবণতা থাকায়, একই শেডে অন্য মহিষের সঙ্গে থাকলেও ‘ট্রাম্প’কে রাখা হয়েছে আলাদা ব্যবস্থাপনায়।

ভাইরাল হওয়ার সুবাদে কোরবানি থেকে বেঁচে যাওয়া এই সাদা মহিষটি এখন বাংলাদেশের প্রাণিসম্পদ গবেষণার এক অনন্য অংশ হয়ে উঠেছে।

আরও পড়ুন