EN ☀️
×

Follow Us

ফিচার

এইচএসসির ফল খারাপ হলে অভিভাবকদের করণীয়

পরীক্ষার ফলই জীবনের শেষ কথা নয়

ইমন ইসলাম

ইমন ইসলাম

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পিএম

এইচএসসির ফল খারাপ হলে অভিভাবকদের করণীয়
অ অ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ঢাকায় আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে নিবন্ধিত ১২ লাখ ৭০ হাজারের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার অবসান হবে। ফলের আনন্দ ও হতাশা, দুটোই সামলাতে এখনই শিক্ষার্থী ও অভিভাবকদের মানসিক প্রস্তুতি জরুরি।

ফল প্রকাশের আগের রাত পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য উৎকণ্ঠার। কেউ ভালো ফলে আনন্দে ভাসবেন, কেউ কাঙ্ক্ষিত ফল না পেয়ে হতাশ হবেন। প্রতিবছর ফলের পর কিছু শিক্ষার্থী হতাশা ও পারিবারিক চাপে চরম পদক্ষেপ নেয়। অথচ একটি পরীক্ষার ফল কখনোই জীবনের চেয়ে বড় নয়।

অভিভাবকদের করণীয়

একটি পরীক্ষার খাতার নম্বর দিয়ে আপনার সন্তানের মেধা বা ভবিষ্যৎ কোনোভাবেই পরিমাপ করা সম্ভব নয়।

পাশের বাড়ির বা আত্মীয়দের সন্তানের ফলাফলের সাথে নিজের সন্তানকে তুলনা করে তাকে ছোট করবেন না। এই তুলনা সন্তানের মনে গভীর ক্ষত তৈরি করে।

ফলাফল খারাপ হলে সন্তান এমনিতেই অপরাধবোধ ও হতাশায় ভোগে। এই সময়ে তাকে বকাঝকা করলে সে আরও একা হয়ে পড়ে এবং চরম সিদ্ধান্ত নিয়ে বসতে পারে।

সন্তানকে বোঝান যে একটি পরীক্ষায় আশানুরূপ ফল না এলেও জীবনে সফল হওয়ার আরও হাজারো পথ খোলা আছে। তাকে বলুন, ‘আমরা তোমার পাশে আছি।’

পরীক্ষার্থীদের প্রতি

জিপিএ-৫ বা একটি ভালো ফলাফল অবশ্যই আনন্দের, কিন্তু এটিই জীবনের শেষ কথা নয়। যদি ফলাফল আশানুরূপ না হয়, তবে ভেঙে পড়া স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর বহু সফল মানুষ প্রাতিষ্ঠানিক পরীক্ষায় সফল ছিলেন না।

মনের ভেতর কোনো কষ্ট বা ভয় জমা করে রাখবেন না। বাবা-মা, ভাই-বোন বা কোনো বিশ্বস্ত বন্ধুর সাথে নিজের অনুভূতি শেয়ার করুন।

ফলাফল খারাপ হলে পুনরায় খাতা চ্যালেঞ্জ (বোর্ড চ্যালেঞ্জ) করার সুযোগ রয়েছে। প্রয়োজনে আগামী বছর আবারও পরীক্ষা দিয়ে মানোন্নয়ন করা সম্ভব।

পারিবারিক ও সামাজিক দায়িত্ব

ফলের পর কোনো শিক্ষার্থী দীর্ঘক্ষণ দরজা বন্ধ করে থাকলে, কান্নাকাটি করলে, চুপচাপ হয়ে গেলে বা খাওয়া বন্ধ করলে তাকে একা ছাড়বেন না। তার সঙ্গে কথা বলুন, প্রয়োজনে কাউন্সেলরের সহায়তা নিন।

একটি খাতার মূল্যায়ন কখনোই একটি প্রাণের চেয়ে দামি নয়। সন্তানদের বুকে আগলে রাখুন, সাহস দিন, যাতে আগামীকালের সকাল নতুন উদ্যমে পথচলার প্রেরণা হয়ে ওঠে।

আরও পড়ুন