EN ☀️
×

Follow Us

ফিচার

স্বর্ণালঙ্কার নিরাপদে রাখার ক্ষেত্রে এই ভুলগুলো করছেন না তো?

ফিচার ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পিএম

স্বর্ণালঙ্কার নিরাপদে রাখার ক্ষেত্রে এই ভুলগুলো করছেন না তো?
অ অ

কোনো উৎসব বা অনুষ্ঠান শেষে বাসায় ফিরে তাড়াহুড়ো করে গহনা খুলে রাখেন অনেকে। চুড়ি, গলার চেইন কিংবা কানের দুল হাতের কাছে থাকা টিস্যু পেপার বা কাগজে মুড়িয়ে টেবিল কিংবা বিছানার পাশে রেখে দেন। কেউ রাখেন ছোট কৌটা বা বক্সে। অসতর্কতায় এই গহনাই হারিয়ে যেতে পারে। বিশেষ করে টিস্যু পেপারে মুড়িয়ে রাখা গহনা পরে ময়লা ভেবে ফেলে দেওয়ার আশঙ্কা থাকে।

প্রতিদিনের ব্যবহারের টিস্যু মনে করে অনেকেই না বুঝে গহনাসহ সেটি ডাস্টবিনে ফেলে দেন। যখন ভুল বুঝতে পারেন, তখন আর কিছু করার থাকে না। সামান্য অসতর্কতায় হারিয়ে যেতে পারে কষ্টে অর্জিত মূল্যবান সম্পদ।

এমন বিড়ম্বনা এড়াতে গহনা রাখার অভ্যাসে পরিবর্তন আনা জরুরি। টিস্যু পেপার বা সাধারণ কাগজে গহনা মুড়িয়ে রাখা উচিত নয়। এর পরিবর্তে প্রতিটি গহনার জন্য আলাদা ভেলভেট কাপড়ের পাউচ বা ছোট থলে ব্যবহার করা যেতে পারে। ভেলভেট কাপড় নরম হওয়ায় গহনায় আঁচড় পড়ার ঝুঁকি কমে। এতে গহনার উজ্জ্বলতাও দীর্ঘদিন অটুট থাকে।

বাসায় গহনা রাখার জন্য নির্দিষ্ট স্থান ঠিক করে নেওয়া প্রয়োজন। ড্রেসিং টেবিলের ড্রয়ারে বা লকারে ভালো মানের জুয়েলারি বক্স রাখা যেতে পারে। বক্সের ভেতরে আলাদা খোপ থাকলে প্রতিটি গহনা নির্দিষ্ট জায়গায় রাখা যায়। এতে গহনায় জট লাগার পাশাপাশি হারিয়ে যাওয়ার আশঙ্কাও কমে।

অনেকে ছোট কৌটা বা প্লাস্টিকের বোতলে গহনা রাখেন। এই পদ্ধতি কিছুটা নিরাপদ হলেও ছোট কৌটা সহজে চোখে পড়ে না। অন্য জিনিসের নিচে চাপা পড়ে সেগুলো হারিয়েও যেতে পারে। তাই তালা দেওয়া যায়, এমন মাঝারি আকারের কাঠের বা ধাতব অর্গানাইজার বক্স ব্যবহার করা ভালো।

নাকফুল বা ছোট আংটির মতো প্রতিদিন ব্যবহৃত গহনা রাখার জন্য টেবিলের ওপর ছোট সিরামিক বা কাচের ট্রে রাখা যেতে পারে। তবে ট্রেটি এমন জায়গায় রাখতে হবে, যেখানে ছোট শিশুরা সহজে পৌঁছাতে পারবে না। শিশুরা না বুঝে এসব ছোট জিনিস নিয়ে খেলতে গিয়ে হারিয়ে ফেলতে পারে।

গুরুত্বপূর্ণ ও ভারী স্বর্ণালঙ্কার নিরাপদে রাখতে ঘরের আলমারি বা লকারের ভেতরে ছোট আকারের স্থায়ী সেফ বা লকার বক্স স্থাপন করা যেতে পারে। ব্যাংকের সেফ ডিপোজিট লকারের পাশাপাশি ঘরে ব্যবহারের উপযোগী টেকসই ও অগ্নিনিরোধক ছোট লকারও পাওয়া যায়। এসব গহনা লকারে তালাবদ্ধ করে রাখা উচিত। চাবি রাখতে হবে নিরাপদ স্থানে বা নিজের কাছে, যেন অন্য কেউ সহজে খুঁজে না পায়।

স্বর্ণালঙ্কার শুধু সাজসজ্জার উপকরণ নয়। অনেকের কাছে এটি সঞ্চয়ের বড় ভরসা ও ভালোবাসার প্রতীক। তাই সামান্য সচেতনতা ও সঠিক অভ্যাসের মাধ্যমে এই মূল্যবান সম্পদ সুরক্ষিত রাখা সম্ভব।

তাড়াহুড়ো করে যত্রতত্র গহনা রাখার অভ্যাস বাদ দিতে হবে। প্রতিদিন ব্যবহারের পর নির্দিষ্ট জায়গায় গহনা রাখলে হারিয়ে যাওয়ার ঝুঁকি কমবে। একই সঙ্গে এড়ানো যাবে অপ্রয়োজনীয় মানসিক চাপ ও আর্থিক ক্ষতি।

আরও পড়ুন