EN ☀️
×

Follow Us

ফিচার

১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৪ এএম

১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

ছবি: সংগৃহীত

অ অ

কয়েক মাসের তীব্র করপোরেট লড়াই, নেটফ্লিক্সের সঙ্গে প্রতিযোগিতা, অ্যান্টিট্রাস্ট মামলা ও নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে একীভূত হলো হলিউডের দুই শীর্ষ পরাশক্তি- প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। ১১১ বিলিয়ন ডলারের এই বিশাল মেগা চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। একসঙ্গে তারা ‘স্কাইড্যান্স করপোরেশন’ নামে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

নতুন এই যৌথ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিয়েছেন ডেভিড এলিসন। তাঁর সঙ্গে নতুন এই প্রতিষ্ঠানে সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ম্যাটেলের সাবেক সিইও ইনন ক্রেইজ।

এই চুক্তির মাধ্যমে হলিউডের দুই ঐতিহাসিক স্টুডিওর পাশাপাশি সিবিএস, সিএনএন, কমেডি সেন্ট্রাল, এমটিভি ও টিবিএসের মতো বড় টেলিভিশন নেটওয়ার্ক এবং প্যারামাউন্ট প্লাস ও এইচবিও ম্যাক্সের মতো জনপ্রিয় স্ট্রিমিং সেবা এখন একই ছাতার নিচে এলো।

নবগঠিত স্কাইড্যান্স করপোরেশন জানিয়েছে, একীভূতকরণের পর তাদের বার্ষিক আয় হবে প্রায় ৭০ বিলিয়ন ডলার। তবে বিশাল এই আয়ের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে প্রায় ৮০ বিলিয়ন ডলারের নিট ঋণের বোঝাও সামলাতে হবে। ডেভিড এলিসন এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, ‘‘আমাদের লক্ষ্য ছিল ঐতিহ্যবাহী দুটি স্টুডিওকে এক করে আরও শক্তিশালী প্রতিযোগী তৈরি করা, যা এখন বাস্তবে রূপ নিয়েছে’’

গত বছরের শেষ দিকে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি কেনার এই লড়াই শুরু হয়। শুরুর দিকে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এগিয়ে ছিল। গত ডিসেম্বরে ঋণসহ প্রায় ৮২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের কিছু সম্পদ কিনতে সম্মত হয়েছিল নেটফ্লিক্স। তবে পরবর্তীতে প্যারামাউন্ট স্কাইড্যান্স শেয়ারপ্রতি এক ডলার বাড়িয়ে আরও বড় প্রস্তাব নিয়ে আসে। নেটফ্লিক্স নতুন করে দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিলে প্যারামাউন্ট ১১১ বিলিয়ন ডলারের প্রস্তাব নিয়ে এগিয়ে যায়। সব বাধা পেরিয়ে অবশেষে এই অধিগ্রহণ সম্পন্ন হলো।

নতুন স্কাইড্যান্সের ব্যবসা মূলত তিনটি বিভাগে পরিচালিত হবে—স্টুডিওস, ডিরেক্ট-টু-কনজ্যুমার এবং টিভি মিডিয়া। স্ট্রিমিং ব্যবসায় বড় পরিবর্তন এনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, খুব শীঘ্রই প্যারামাউন্ট প্লাস ও এইচবিও ম্যাক্সকে একীভূত করে একটি একক ও শক্তিশালী স্ট্রিমিং সেবা চালু করা হবে।

একীভূতকরণের পর আগামী তিন বছরে বার্ষিক প্রায় ৬ বিলিয়ন ডলার ব্যয় সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্কাইড্যান্স। প্রযুক্তি, বিপণন, আবাসন ও বিভিন্ন কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমে এই ব্যয় কমানো হবে। তবে এই প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী কয়েক মাসে সাবেক প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির হাজারো কর্মী চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।


আরও পড়ুন