প্রহসনের বিচারকে কেন বলা হয় ক্যাঙ্গারু কোর্ট
ট্রাম্পসহ বিশ্বনেতারা যে ‘ক্যাঙ্গারু কোর্ট’ শব্দ ব্যবহার করেন, তার আসল উৎস এখনো রহস্যে ঘেরা
ফিচার ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম
ডোনাল্ড ট্রাম্পের মতো বিশ্বনেতারা নিজেদের বিচার প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে প্রায়ই ‘ক্যাঙ্গারু কোর্ট’ শব্দটি ব্যবহার করেন। অথচ ক্যাঙ্গারু শান্ত ও অলস স্বভাবের প্রাণী, দাঙ্গাবাজ নয়। তাহলে প্রহসনের বিচারের সঙ্গে এই নিরীহ প্রাণীর নাম কেন জড়াল? শব্দটির উৎপত্তি নিয়ে রয়েছে নানা বিভ্রান্তি ও ইতিহাস।
গবেষকেরা সাধারণত এ জন্য অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিকে (ওইডি) দায়ী করেন। অক্সফোর্ডের ১৯৮৯ সালের দ্বিতীয় সংস্করণে বলা হয়েছে, এই শব্দবন্ধের উৎপত্তি যুক্তরাষ্ট্রে, যার অর্থ আইনি ভিত্তিহীন কোনো আদালত। প্রমাণ হিসেবে বলা হয়েছে ১৮৫৩ সালে প্রকাশিত স্যামুয়েল অ্যাডামস হ্যামেটের ব্যঙ্গাত্মক বই ‘এ স্ট্রে আমেরিকান ইন প্যারিস’-এর কথা। ওই বইয়ে ক্যাঙ্গারু নামের কাল্পনিক এক শহরের আদালতের প্রহসনমূলক বিচারের বর্ণনা ছিল। তবে অনেক গবেষকই অক্সফোর্ডের এই সূত্রকে প্রশ্নাতীত মনে করেন না।
শব্দটির উৎস নিয়ে আরেকটি জনপ্রিয় তত্ত্ব জড়িয়ে আছে ১৮৪৯ সালের ক্যালিফোর্নিয়া গোল্ড রাশের সঙ্গে। সে সময় খনির মালিকানা নিয়ে প্রচুর বিরোধ হতো এবং দ্রুত বিচার শেষ করতে অস্থায়ী আদালত বসানো হতো। ধারণা করা হয়, ক্যালিফোর্নিয়ায় আসা অস্ট্রেলিয়ার অভিবাসীরা এই বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত ছিলেন বা এর শিকার হয়েছিলেন। ফলে আমেরিকানরা ব্যঙ্গ করে একে ‘ক্যাঙ্গারু কোর্ট’ নাম দেয়।
আরেকটি তত্ত্ব বলছে, এসব আদালত আইনি নিয়মকানুন তোয়াক্কা না করে সরাসরি রায়ে ‘লাফিয়ে’ পৌঁছাত। ক্যাঙ্গারুর লাফানোর স্বভাবের সঙ্গে মিলিয়ে তাই একে ক্যাঙ্গারু কোর্ট বলা হতো।
গবেষকেরা পুরোনো খবরের কাগজ ঘেঁটে দেখেছেন, ক্যালিফোর্নিয়ার গোল্ড রাশ বা ১৮৫৩ সালের ব্যঙ্গাত্মক উপন্যাসেরও অনেক আগে থেকে এই শব্দের ব্যবহার ছিল। নিউ অরলিন্সের পত্রিকা ‘ডেইলি পিকায়ুন’ ১৮৪১ সালের ২৪ আগস্ট এক প্রতিবেদনে লিখেছিল, ন্যাচেজ এলাকায় বিভিন্ন অভিযোগে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বেশ কয়েকজন অপরাধীকে শাস্তি দেওয়া হয়েছে। এ ছাড়া ১৮৪৯ সালের জানুয়ারিতে ‘দ্য মিসিসিপিয়ান’ পত্রিকায় তিন ব্যক্তির বিচারের প্রসঙ্গে ক্যাঙ্গারু কোর্টের অনুকরণে সভার উল্লেখ পাওয়া যায়।
এ থেকে বোঝা যায়, সোনার খনি আবিষ্কার কিংবা ব্যঙ্গাত্মক উপন্যাসের বহু আগে থেকেই আমেরিকায় ক্যাঙ্গারু কোর্ট শব্দটি প্রচলিত ছিল।
ক্যাঙ্গারুর আদি দেশ অস্ট্রেলিয়া হলেও সে দেশের সংবাদপত্রে ১৮৮১ সালের আগে এই শব্দের কোনো উল্লেখ পাওয়া যায় না। তখন সিডনির একটি পত্রিকায় ইউনিভার্সিটি অব মিসিসিপির শিক্ষার্থীদের ওপর হওয়া এক ধরনের নির্যাতনের বর্ণনায় শব্দটি ব্যবহার করা হয়েছিল। বিংশ শতাব্দীর শুরুতে অস্ট্রেলিয়ার সংবাদপত্রগুলো একে আমেরিকার নতুন সংস্কৃতি হিসেবেই বর্ণনা করত।
তবে ১৮২৯ সালের ব্রিটিশ সামরিক নথিতেও ‘ক্যাঙ্গারু কোর্ট’ শব্দের ব্যবহারের খোঁজ মেলে। ধারণা করা হয়, তৎকালীন পেনাল কলোনি বা বন্দিশালা নিয়ন্ত্রণকারী ব্রিটিশ বাহিনীর হাত ধরেই এই শব্দের জন্ম হয়ে থাকতে পারে।
শব্দতাত্ত্বিকদের মতে, ‘ক্যাঙ্গারু কোর্ট’ শব্দের প্রকৃত উৎস এখনো রহস্যের আড়ালে। তবে এটুকু নিশ্চিত যে, বিচারিক প্রহসনের এই কুখ্যাতির পেছনে নিরীহ ও শান্ত প্রাণী ক্যাঙ্গারুর কোনো ভূমিকা ছিল না।