EN ☀️
×

Follow Us

ফিচার

রাজধানীর ফুটপাতে জমে উঠেছে ঈদ বাজার

মিরপুরের ব্যস্ততম ফুটপাতগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই। বাহারি পোশাক, জুতো আর নানারকম ঘর সাজানোর সামগ্রী নিয়ে ফুটপাতগুলো সেজেছে এক নতুন রূপে।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৪:৩৭ পিএম

রাজধানীর ফুটপাতে জমে উঠেছে ঈদ বাজার

সাধ্যের মধ্যে পছন্দের পোশাক খুঁজতে ফুটপাতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ছবি: তানজিনূর রহমান ভূইয়া

অ অ

রমজানের রোজা ১০ দিন পেরিয়ে ১১তম দিনে পা রাখলো। সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে ঈদের আমেজ। রাজধানীর অভিজাত বিপণিবিতানগুলোর পাশাপাশি এখন ক্রেতাদের মূল আকর্ষণ হয়ে উঠেছে ফুটপাতের দোকানগুলো।

মিরপুরের ব্যস্ততম ফুটপাতগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই। বাহারি পোশাক, জুতো আর নানারকম ঘর সাজানোর সামগ্রী নিয়ে ফুটপাতগুলো সেজেছে এক নতুন রূপে।

সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলছে কেনা-বেচা। সরেজমিনে মিরপুর ১০, ১১ ও ২ নম্বর এলাকার ফুটপাত ঘুরে দেখা যায়, ক্রেতাদের উপচে পড়া ভিড়। নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের পছন্দের তালিকায় ফুটপাতই এখন শীর্ষে। সাধ্যের মধ্যে পছন্দের জিনিসটি খুঁজে পাওয়ার আনন্দ ক্রেতাদের চোখে মুখে।

বেসরকারি চাকরিজীবী সুমনা আক্তার তার দুই সন্তানের জন্য কেনাকাটা করতে এসেছেন। তিনি বলেন, ‘মার্কেটগুলোতে যে দাম, তাতে হিমশিম খেতে হয়। ফুটপাতে একই রকমের পোশাক অনেক কম দামে পাওয়া যায়। দরদাম করে কেনাকাটা করা যায়, এটাই বড় সুবিধা।’

রোজা যতই গড়াচ্ছে, ফুটপাতের ঈদের বাজার ততই জমে উঠছে। ছবি: তানজিনূর রহমান ভূইয়া

ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে দোকানিরাও আগেভাগেই পসরা সাজিয়েছেন। নতুন নতুন ডিজাইনের সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, শার্ট আর টি-শার্টের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।

বিকাশ নামে এক বিক্রেতা জানান, ‘রোজার প্রথম সপ্তাহে ভিড় কম থাকলেও এখন জমজমাট বিক্রি হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর ক্রেতাদের সামাল দেওয়াই কঠিন হয়ে পড়ে। এবার গরমের কথা মাথায় রেখে হালকা রঙের সুতির পোশাক বেশি তুলেছি।’

ফুটপাতের এই জমজমাট বেচাকেনা ঈদকে সামনে রেখে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবনে নতুন আশা নিয়ে এসেছে। সাধ্য ও সাধের সমন্বয় ঘটিয়ে ফুটপাতই এখন হয়ে উঠেছে উৎসবের কেন্দ্রবিন্দু।

আরও পড়ুন