শুভ্র কুয়াশায় সিক্ত প্রকৃতি, আর লেকের বুকে রক্তিম আভা। ছবি: সাব্বির আহসান
জানুয়ারি মাসের ৫ তারিখ। ক্যালেন্ডারের পাতায় তখন পৌষের তৃতীয় সপ্তাহ। ঘড়ির কাঁটা ভোরের আলো ফোটার ইঙ্গিত দিলেও চারপাশ যেন এক আদিগন্ত সাদা চাদরে ঢাকা।
তীব্র শীত আর ঘন কুয়াশার দাপট উপেক্ষা করেই যখন বিছানার মায়া কাটিয়ে পিচঢালা পথে পা রাখা, তখনই অনুভূত হয় এক অন্যরকম নিস্তব্ধতা।
ভোরে হাঁটতে বের হওয়া মানুষগুলোর কাছে এই সময়টা যেন আধ্যাত্মিক প্রশান্তির। রাতের শিশিরে ভিজে থাকা কালো পিচঢালা পথটা কুয়াশার আলো-আঁধারিতে চকচক করছে।
জনশূন্য ক্যাম্পাসের রাস্তায় নিজের পায়ের শব্দই যেন সঙ্গী। শীতের দাপটে ক্যাম্পাসের চিরচেনা কোলাহল এখন স্তব্ধ। দু-একজন অতি উৎসাহী প্রাতঃভ্রমণকারী ছাড়া পুরো ক্যাম্পাস যেন গভীর ঘুমে আচ্ছন্ন। উত্তুরে হিমেল বাতাসের ঝাপটা যখন শরীরে লাগে, তখন হাড়কাঁপানো ঠান্ডাতেও এক দারুণ সজীবতা অনুভূত হয়।
ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া সড়কের বাঁক পেরিয়ে টিএসসি সংলগ্ন লেক পাড়ে যেতেই দৃশ্যপট বদলে যায়। সেখানে কুয়াশার ধোঁয়াটে পর্দার মাঝে জমায়েত হয়েছেন কিছু মানুষ। সবার দৃষ্টি লেকের স্থির পানির দিকে। কনকনে ঠান্ডায় যখন প্রকৃতি ধূসর বর্ণ ধারণ করেছে, তখন লেক জুড়ে ফুটে থাকা অসংখ্য ‘লাল পদ্ম’ যেন এক টুকরো আগুন ছড়িয়ে দিয়েছে। কুয়াশার হালকা স্তরের মাঝখান দিয়ে উঁকি দেওয়া এই লাল পদ্মগুলো যেন শীতের সকালের সেরা উপহার।
-695c2b7ef06ae.jpg)
লেকপাড়ে দাঁড়িয়ে থাকা এক শিক্ষার্থী মুগ্ধতা নিয়ে বললেন, ‘প্রতিদিন এই পথ দিয়ে চলি, কিন্তু কুয়াশাঢাকা সকালে পদ্মগুলোর এই রূপ আগে কখনো খেয়াল করিনি। মনে হচ্ছে যেন শীতের কষ্ট ভুলিয়ে দিতেই প্রকৃতি এই আয়োজন করেছে।’
লেকের পাশেই রয়েছে এক ঘন জঙ্গল, আর সেই জঙ্গলের বুক চিরে বয়ে গেছে একটি লম্বা সরু পিচঢালা পথ। কুয়াশাচ্ছন্ন সেই পথে হাঁটলে মনে হয় বাংলাদেশের কোনো ক্যাম্পাস নয়, বরং ইউরোপের দেশ সুইজারল্যান্ডের কোনো নিভৃত গ্রামে চলে এসেছেন।
-695e3963b5288.jpg)
বর্ষা কিংবা শীত- একেক ঋতুতে এই জঙ্গল একেক রূপ ধারণ করে। ভোরের নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে ভেসে আসা শেয়ালের হাঁকডাক পরিবেশটাকে আরও রোমাঞ্চকর করে তোলে। প্রকৃতির এই আদিম স্বাদ নিতেই প্রতিদিন অনেক শিক্ষার্থী ও শিক্ষক এই পথে প্রাতঃভ্রমণে বের হন।
হলগুলোতে থাকা হাজারো শিক্ষার্থীর ভিড়ে এই ভোরে যারা বের হন, তারা হয়ত এই নিস্তব্ধ সৌন্দর্যটুকুই কুড়িয়ে নিতে চান। ৫ জানুয়ারির এই ভোরে লাল পদ্মের মায়া আর কুয়াশার স্নিগ্ধতা যেন সেই বার্তাই দিয়ে গেল- শীত মানেই শুধু জবুথবু অবস্থা নয়, বরং কুয়াশার আবরণে ঢাকা মুগ্ধকর স্মৃতির হাতছানি।