EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইউক্রেনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত অন্তত ২৬

এ হামলাকে ‘অত্যন্ত ভয়াবহ’ বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০০ এএম

ইউক্রেনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত অন্তত ২৬

ছবি: দ্য টাইমস

অ অ

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) এ হামলাকে ‘অত্যন্ত ভয়াবহ’ বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জাপোরিঝিয়া অঞ্চলের প্রধান মাইখাইলো সেমিকিন জানান, কমিশুভাখা গ্রামে অন্তত নয়টি তিন হাজার কেজি ওজনের বোমার আঘাতে এ হতাহতের ঘটনা ঘটে। হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে ২৭ জন নিখোঁজ থাকার খবর পাওয়া যায়।


জেলেনস্কি জানান, মানবিক সহায়তা কার্যক্রমে ব্যবহৃত স্থানীয় একটি স্কুলে প্রথমে হামলা চালানো হয়। পরে মানুষ যেখানে আশ্রয় নিয়েছিলেন, সেখানে দ্বিতীয়বার আঘাত হানে রুশ বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে হামলার পর সৃষ্ট বিশাল গর্ত ও ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকারীদের তল্লাশির দৃশ্য তুলে ধরেন জেলেনস্কি। তবে এ বিষয়ে রাশিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রকাশ্যে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে জেলেনস্কি নিহতের সংখ্যা ১৮ বলে জানিয়েছিলেন। পরে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ (ডিএসএনএস) ২৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে। নিহতদের মধ্যে দুজন উদ্ধারকর্মী ও চারজন পুলিশ সদস্য রয়েছেন। সোমবার রাতে দেওয়া ভিডিও ভাষণে জেলেনস্কি জানান, নিহতের সংখ্যা বেড়ে ২৬ হয়েছে।

এর আগে জেলেনস্কি বলেন, কমিশুভাখায় যেসব স্থানীয় বাসিন্দা রয়ে গেছেন, তাঁরা প্রতি সোমবার সেখানে মানবিক সহায়তা নিতে আসেন—এ কথা রুশ সেনাদের জানা থাকার কথা।

তিনি আরও বলেন, এ হামলা প্রমাণ করে রাশিয়া উত্তেজনা কমাতে বা পরিস্থিতির শিথিলতা আনতে চায় না।

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে রাশিয়া-অধিকৃত দক্ষিণাঞ্চলীয় শহর ওলেশকি থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার একটি সফল যৌথ অভিযানের কথা উল্লেখ করেন জেলেনস্কি। তিনি বলেন, একসময় মনে হয়েছিল, পরবর্তী পদক্ষেপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। কিন্তু এ ধরনের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাশিয়া তার বিপরীত বার্তা দিচ্ছে। তারা আরও হত্যাকাণ্ডের ওপর নির্ভর করছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। গত ফেব্রুয়ারিতে শান্তি আলোচনা স্থগিত হওয়ার পর আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে আবারও আলোচনা শুরুর কথা রয়েছে।

সূত্র: বিবিসি

আরও পড়ুন