EN ☀️
×

Follow Us

বিনোদন

ঢাকা মাতালেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া

ডেইলি সান রিপোর্ট, বিনোদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৮ এএম

ঢাকা মাতালেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া

সংগীতশিল্পী ওটিলিয়া। ছবি: সংগৃহীত

অ অ

রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া ব্রুমারের জমকালো পরিবেশনায় শুক্রবার রাতে সুর ও ছন্দের উৎসবে মেতে উঠেছিলেন ঢাকার সংগীতপ্রেমীরা। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের একটি ভেন্যুতে মঞ্চে ওঠেন এই আন্তর্জাতিক শিল্পী। প্রিয় তারকাকে কাছে পেয়ে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

মঞ্চে উঠেই ওটিলিয়া তাঁর বিশ্বখ্যাত গান ‘বিলিয়নেরা’ দিয়ে পরিবেশনা শুরু করেন, যা মুহূর্তেই পুরো ভেন্যুতে উন্মাদনা ছড়িয়ে দেয়। এরপর একে একে ‘ডায়ামান্তে’সহ নিজের জনপ্রিয় ট্র্যাকগুলো গেয়ে শোনান তিনি। গানের তালে ওটিলিয়ার প্রাণবন্ত নাচ এবং ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের চোখধাঁধানো পারফরম্যান্স দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে।

প্রায় এক ঘণ্টার এই পরিবেশনায় পুরোনো হিট গানের পাশাপাশি ঢাকায় এসে নতুন গান প্রকাশের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাও পূরণ করেন তিনি। নতুন গানটি পরিবেশনের আগে দর্শকদের ‘আগুন’ বলে সম্বোধন করে গানটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান ওটিলিয়া।

গানের ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে আন্তরিক আড্ডায় মেতে ওঠেন এই রোমানিয়ান পপ তারকা। বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আতিথেয়তার প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি দেশের স্ট্রিট ফুডের ভূয়সী প্রশংসা করেন তিনি।

একপর্যায়ে দর্শকসারিতে থাকা এক তরুণীর নাম জানতে চেয়ে বাংলাদেশের নারীদের ‘সুন্দরী’ আখ্যা দেন এবং ওই তরুণীকে ভাগ্যবতী বলে মন্তব্য করেন। এ ছাড়া পপ তারকা শাকিরার জনপ্রিয় গান ‘ওয়াকা ওয়াকা’ এবং একটি পাঞ্জাবি গান গেয়ে দর্শকদেরও নিজের সঙ্গে গলা মেলাতে উদ্বুদ্ধ করেন তিনি।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় ‘বাংলা ভাইব’ ব্যান্ডের পরিবেশনার মধ্য দিয়ে কনসার্টের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাত ৮টায় মঞ্চে ওঠেন জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির ও তাঁর দল ‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস’; ফুয়াদের কম্পোজিশনে গান গেয়ে দর্শক মাতান তাসফি ও হাসিব।

অনুষ্ঠানের একপর্যায়ে আয়োজক প্রতিষ্ঠান ‘ই-মেকার্স’-এর কর্ণধার নাঈম আশরাফকে মঞ্চে ডেকে নিয়ে চমৎকার আয়োজনের জন্য ধন্যবাদ জানান ওটিলিয়া। নাঈম আশরাফ সুশৃঙ্খলভাবে কনসার্ট উপভোগ করার জন্য দর্শকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্পন্সর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২০২২ সালের পর এটি ছিল ওটিলিয়ার দ্বিতীয় বাংলাদেশ সফর। ১৯৯২ সালে রোমানিয়ার সুসেভায় জন্ম নেওয়া এই শিল্পী ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটির মাধ্যমে বিশ্বসংগীতের অঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করেন।

আরও পড়ুন