নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই
ডেইলি সান রিপোর্ট, বিনোদন
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৫ এএম
ছবি: সংগৃহীত
নাটক ও চলচ্চিত্রে মধ্যবিত্তের জীবন, সমাজের অসংগতি আর মানুষের চেনা বাস্তবতাকে তুলে ধরে নিজস্ব পরিচয় গড়ে তুলেছিলেন নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু। দুই দশকের বেশি সময় ধরে সৃজনশীল কাজের মধ্য দিয়ে দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৫৬ বছর বয়সে মারা গেছেন গুণী এই নির্মাতা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বামী ও চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিক।
মৃত্যুর কিছুক্ষণ আগে মাতিয়া বানু শুকুকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
এক বছরের বেশি সময় আগে তার শরীরে ক্যানসার শনাক্ত হয়। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ নভেম্বর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন মাতিয়া বানু শুকু। নাট্যকার ও পরিচালক হিসেবে তার কাজের অন্যতম বৈশিষ্ট্য ছিল মধ্যবিত্তের জীবন, সমাজের নানা অসংগতি এবং বাস্তব জীবনের গল্প তুলে ধরা।
তার রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক।
নাটক নির্মাণের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মাতিয়া বানু শুকু।
তার মৃত্যুতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।