চিত্রনায়ক মান্না। ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নাকে ক্যারিয়ারের অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিল ‘আম্মাজান’ সিনেমাটি। দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্যে ছবিটি ইতিহাস গড়লেও, এটি নিয়ে অভিনেতার মনে ছিল গভীর এক আক্ষেপ।
কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ মুক্তি পায় ১৯৯৯ সালের ২৫ জুন। এতে ‘বাদশা’ চরিত্রে মান্নার অনবদ্য অভিনয়, কিংবদন্তি অভিনেত্রী শবনমের মমতাময়ী মায়ের রূপায়ণ এবং আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘আম্মাজান’ গানটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বিশেষ জায়গা দখল করে আছে।
মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান ‘কৃতাঞ্জলি’র নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি পুরোনো ভিডিও সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে নিজের সেই আক্ষেপের কথা জানিয়েছিলেন তিনি।
সাক্ষাৎকারে মান্না বলেছিলেন, ‘কাজী হায়াৎ নির্মিত “আম্মাজান” সিনেমাটি নিয়ে আমার অনেক ভালো লাগার স্মৃতি আছে, পাশাপাশি অনেক দুঃখও রয়েছে। মুক্তির পর দেশ-বিদেশের অসংখ্য মানুষের ভালোবাসা ও প্রশংসা পেয়েছি। এই সিনেমার জন্য এত জনপ্রিয়তা ও নাম-ডাক পেলাম; আমেরিকা, লন্ডন, দুবাইতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেলাম। সাংবাদিক ও প্রযোজকেরাও পুরস্কার দিয়েছেন। সব শ্রেণি-পেশার মানুষ ছবিটি পছন্দ করেছেন। সবকিছু পেলাম, কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম না। এই পুরস্কার না পাওয়ার কারণে আমার ভেতরে একটা দুঃখ রয়ে গেছে।’
আক্ষেপের সুরে তিনি আরও যোগ করেছিলেন, ‘যে সিনেমা মানুষ এত পছন্দ করল, “আম্মাজান আম্মাজান” গানটি এত জনপ্রিয় হলো, সেই ছবি রাষ্ট্রীয় কোনো পুরস্কার পেল না! জাতীয় পুরস্কার পাইনি, এটা আমার অভিযোগ নয়; বরং দুঃখ যে, এমন একটি কাজের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি পেলাম না।’
‘আম্মাজান’ সিনেমায় মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, অপরাধবোধ, অভিমান ও প্রতিশোধের আকাঙ্ক্ষা—সবকিছুই নিপুণ অভিনয়ে ফুটিয়ে তুলেছিলেন মান্না।
উল্লেখ্য, প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছিলেন এই নায়ক। তার উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘তেজি’, ‘লুটতরাজ’, ‘শান্ত কেন মাস্তান’, ‘লাল বাদশা’, ‘বীর সৈনিক’, ‘দুই বধূ এক স্বামী’, ‘পিতা মাতার আমানত’ ও ‘দেশদ্রোহী’। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি না-ফেরার দেশে পাড়ি জমান ‘জনতার নায়ক’ খ্যাত এই অভিনেতা।