‘দর ই নাজাত’ এর ব্যক্তিগত প্রর্দশনী আটকে গেল ব্যাঙ্গালুরুতে
ডেইলি সান রিপোর্ট, বিনোদন
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম
ভারত ও বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো আলোড়ন তুলেছে পাকিস্তানি নাটক ‘দর ই নাজাত’।
ভারতের বেঙ্গালুরু শহরের বেশ কিছু টেলিভিশন সিরিজপ্রেমী বুধবার (২৫ নভেম্বর) পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিনের পরিকল্পনা ছিল—সুন্দর করে সাজগোজ করা, জমকালো রাতের খাবার খাওয়া এবং তুমুল জনপ্রিয় এক কাল্পনিক পাকিস্তানি জুটির জীবনে কী ঘটতে চলেছে তা দেখা। ঠিক তখনই বাগড়া দেয় ভূ-রাজনীতি।
ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো আলোড়ন তোলা পাকিস্তানি টিভি নাটক ‘দর-ই-নাজাত’ (মুক্তির দ্বার)-এর দুটি ব্যক্তিগত প্রদর্শনী অনলাইনে তীব্র সমালোচনা ও পুলিশের নজরদারির পর বাতিল করা হয়েছে।
পাকিস্তানের এআরওয়াই ডিজিটালে প্রচারিত এই ধারাবাহিকটি ভারতে সম্প্রচারকারী চ্যানেলের অফিশিয়াল ইউটিউব অ্যাকাউন্ট ব্লক থাকা সত্ত্বেও কিছু ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভারতীয় দর্শকরা দেখতে পাচ্ছেন।
ভারতে পাকিস্তানি বিনোদনের প্রতি নতুন করে আগ্রহ বাড়ার মধ্যেই এই বিতর্কের সৃষ্টি হলো।
বেঙ্গালুরুতে গত শনিবার একটি রেস্তোঁরায় আয়োজিত প্রদর্শনীতে সামান্য টিকিট মূল্যের বিনিময়ে নাটকটির দুটি পর্ব দেখার পাশাপাশি রাতের খাবারের ব্যবস্থা রাখা হয়েছিল। অন্যদিকে, একটি প্রাইভেট থিয়েটারে কেবল পরিবারের সদস্যদের জন্য আয়োজিত দ্বিতীয় অনুষ্ঠানটিতে অতিথিদের তাদের ‘‘সেরা পাকিস্তানি পোশাকে’’ সেজে আসার অনুরোধ জানানো হয়েছিল।
অনুষ্ঠানগুলোর প্রচারণামূলক পোস্টার অনলাইনে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই এ ধরনের আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এবং পুলিশের হস্তক্ষেপ দাবি করেন। এরপরই দুটি অনুষ্ঠান বাতিল করা হয়।
নাটকটির প্রতি এই তীব্র আগ্রহই বেঙ্গালুরুর একটি প্রদর্শনীর আয়োজককে তার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের প্রাইভেট থিয়েটারে অনুষ্ঠানটি করার পরিকল্পনায় অনুপ্রাণিত করেছিল।
তিনি জানান, তিনি এটিকে একটি ছোট পারিবারিক আড্ডা হিসেবেই ভেবেছিলেন, কিন্তু আমন্ত্রণপত্রটি এক্স-এ (সাবেক টুইটার) ছড়িয়ে পড়ার পর বিষয়টির সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা দাঁড় করানো হয়।
নন্দিত উর্দু ঔপন্যাসিক উমেরা আহমেদের লেখা ‘দর-ই-নাজাত’ ধারাবাহিকটির গল্প আবর্তিত হয়েছে জারিয়াব (দুরেফিশান সেলিম) নামক এক তরুণী- যে প্রেমে প্রতারণার ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছে। তাঁর সঙ্গে অত্যন্ত ধর্মপ্রাণ যুবক আবু বকরের (শাহরিয়ার মুনাওয়ার) বিয়েকে কেন্দ্র করে।
নাটকটিতে বিশ্বাস ও আত্মশুদ্ধির বিষয়গুলো উঠে এলেও, স্ত্রীর প্রতি আবু বকরের কোমল আচরণ তাকে বর্তমান সময়ের প্রেমের অভিধানে সম্ভবত সর্বোচ্চ প্রশংসা—অর্থাৎ একজন ‘‘গ্রিন ফ্ল্যাগ’’ (আদর্শ জীবনসঙ্গী) হিসেবে খ্যাতি এনে দিয়েছে।