EN ☀️
×

Follow Us

বিনোদন

সালমান দিলেন সুইস ঘড়ি, শাহরুখ-কমল সহকর্মীদের কী উপহার দিয়েছিলেন?

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম

সালমান দিলেন সুইস ঘড়ি, শাহরুখ-কমল সহকর্মীদের কী উপহার দিয়েছিলেন?

পানভেলের খামারবাড়িতে ‘মাতৃভূমি’ দলকে ঘড়ি উপহার দিয়েছেন সালমান খান।

অ অ

শুটিং শেষ মানেই সম্পর্কের ইতি নয়। কোনো কোনো ছবির সেটে এমন বন্ধুত্ব গড়ে ওঠে, যা পর্দার আড়ালেও টিকে থাকে। সেই কৃতজ্ঞতা বোঝাতে তারকারা কখনো সহশিল্পীকে দিয়েছেন দামি গাড়ি, কখনো ঘড়ি, আবার কখনো পুরো কলাকুশলীকে উপহারে ভরিয়ে দিয়েছেন। সর্বশেষ আলোচনায় এসেছেন সালমান খান।

নিজের আসন্ন ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর দলের সদস্যদের সুইস ঘড়ি উপহার দিয়েছেন সালমান। ১২ নভেম্বর মুম্বাইয়ের পানভেলে নিজের খামারবাড়িতে তাঁদের ডাকেন তিনি। দলের সদস্যদের জানানো হয়েছিল, ছবির প্রচারণা নিয়ে আলোচনা হবে। সেখানে গিয়ে তাঁরা পান অপ্রত্যাশিত উপহার।

২০ থেকে ২৫ জন অভিনয়শিল্পী ও কলাকুশলীর হাতে ওঠে ঘড়ি। প্রতিটির দাম দুই থেকে ছয় লাখ রুপি। পুরুষ সদস্যরা পান লংজিনস ও ট্যাগ হয়ার, নারীরা রাডো। ছবির নির্মাণে দীর্ঘসূত্রতা ও নানা বাধা পেরিয়ে যাঁরা কাজ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই আয়োজন।

দক্ষিণের সিনেমায় আলোচিত উপহারের একটি ঘটেছিল ২০২২ সালে। ‘বিক্রম’-এর সাফল্যের পর পরিচালক লোকেশ কানাগরাজকে একটি লেক্সাস গাড়ি দেন কমল হাসান। ছবির ১৩ জন সহকারী পরিচালক পান একটি করে অ্যাপাচি আরটিআর ১৬০ মোটরসাইকেল। ছবিতে ‘রোলেক্স’ চরিত্রে অল্প সময়ের জন্য দেখা দিয়েছিলেন সুরিয়া। তাঁকে কমল দেন নিজের ব্যবহৃত একটি রোলেক্স ঘড়ি।

পরিচালক ফারাহ খানের ভাষ্য অনুযায়ী, শাহরুখের সঙ্গে প্রতিটি ছবি শেষে তিনি গাড়ি পেয়েছেন। ‘ম্যায় হুঁ না’র পর হুন্দাই টেরাকান, ‘ওম শান্তি ওম’-এর পর মার্সিডিজ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’-এর পর মার্সিডিজ এসইউভি। ২০২৫ সালের এক সাক্ষাৎকারে মজা করে ফারাহ বলেছিলেন, তাঁর নতুন গাড়ি দরকার, তাই আবার শাহরুখের সঙ্গে ছবি করতে চান।

‘রা.ওয়ান’-এর সাফল্যের পর অর্জুন রামপাল, অনুভব সিনহা ও রজনীকান্তকে বিএমডব্লিউ দেওয়ার খবর প্রকাশিত হয়েছিল। ‘জিরো’তে অতিথি চরিত্রের জন্য সালমানকেও মার্সিডিজ দেন তিনি।

কমল-সুরিয়ার ঘটনা অনুপ্রাণিত করে মামুত্তিকেও। ২০২২ সালে ‘ররশাখ’-এর সাফল্য উদ্‌যাপনের অনুষ্ঠানে সহশিল্পী আসিফ আলীকে রোলেক্স ঘড়ি দেন তিনি। ছবিতে মুখোশ পরা চরিত্রে আসিফ শুধু চোখের অভিব্যক্তিতে অভিনয় করেছিলেন। শুটিংয়ের সময় দুবাইয়ে আসিফ মজা করে এমন উপহারের আবদার করেছিলেন, যা অনুষ্ঠানে পূরণ হয়। মামুত্তির ছেলে দুলকার সালমানও ছবির পুরো দলকে বিশেষ উপহার দেন।

২০২২ সালে ‘আরআরআর’-এর সাফল্যের পর রামচরণ প্রায় ৩৫ জন প্রযুক্তিবিদ ও নেপথ্যের কর্মীকে ১১.৬ গ্রামের স্বর্ণমুদ্রা উপহার দেন। প্রতিবেদন অনুযায়ী প্রতিটির দাম ৫৫ থেকে ৬০ হাজার রুপি, মোট প্রায় ১৮ লাখ।

আর ২০১৭ সালে ‘বাহুবলী টু’ মুক্তির আগে প্রভাসকে ছবিতে ব্যবহৃত বর্মটি উপহার দেন রাজামৌলি। পাঁচ বছরের পরিশ্রমের স্বীকৃতি হিসেবে এটি ছিল তাঁর কাছে স্মৃতিরই অংশ।

আরও পড়ুন