EN ☀️
×

Follow Us

বিনোদন

এবার প্রাণনাশের হুমকি পেলেন সাইফ আলী খান, নেপথ্যে কে?

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

এবার প্রাণনাশের হুমকি পেলেন সাইফ আলী খান, নেপথ্যে কে?

বলিউড অভিনেতা সাইফ আলী খান। ছবি: সংগৃহীত

অ অ

বলিউড তারকাদের প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা যেন থামছেই না। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, তুষার কাপুর ও আয়ুষ্মান খুরানার পর এবার প্রাণনাশের হুমকি পেলেন অভিনেতা সাইফ আলী খান। 

এই ঘটনায় বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে অভিযুক্ত ও পলাতক আসামি জিশান আখতারের নাম সামনে এসেছে। তবে সত্যিই জিশান এই হুমকি দিয়েছেন, নাকি অন্য কেউ তাঁর নাম ব্যবহার করে আতঙ্ক ছড়াচ্ছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি মুম্বাই পুলিশ।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসের প্রতিবেদন অনুযায়ী, সাইফ আলী খানকে হুমকি দেওয়ার ঘটনায় জিশান আখতারের নাম উঠে আসায় বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে মুম্বাই পুলিশ। বাবা সিদ্দিকি হত্যা মামলার পলাতক এই আসামির অবস্থান শনাক্তের পাশাপাশি হুমকির সত্যতা যাচাই ও সংশ্লিষ্ট ডিজিটাল তথ্যপ্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি সাইফ আলী খান।

এর আগেও বলিউডের একাধিক অভিনেতা হুমকির বার্তা ও অডিও ক্লিপ পেয়েছেন। সম্প্রতি তুষার কাপুর এবং আয়ুষ্মান খুরানাকে হুমকি দেওয়ার ঘটনায় মুম্বাই পুলিশ বেঙ্গালুরু থেকে বৈভব মিশ্র (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, পেশায় তথ্যপ্রযুক্তি ইঞ্জিনিয়ার বৈভব নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে অভিনেতাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করেছিলেন।

তদন্তকারীদের সন্দেহ, অনলাইন থেকে অভিনেতাদের নম্বর সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে কণ্ঠস্বর নকল করে হুমকির অডিও তৈরি করেছিলেন বৈভব। তুষার কাপুরকে পাঠানো একটি অডিও বার্তায় নিজেকে গ্যাংস্টার ‘হ্যারি বক্সার’ পরিচয় দিয়ে পাঁচ কোটি রুপি চাঁদা দাবি করা হয়েছিল। তবে পুলিশের ভয়েস স্যাম্পল পরীক্ষায় দেখা যায়, ওই অডিওর কণ্ঠস্বর হ্যারি বক্সারের আসল কণ্ঠের সঙ্গে মেলে না। প্রাথমিক তদন্তে কোনো গ্যাংয়ের সঙ্গেও বৈভবের যোগসাজশ পাওয়া যায়নি।

মাত্র কয়েক দিন আগেই বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিষেক বচ্চনকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গত সোমবার গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তাঁদের হুমকি দেন। দিল্লি পুলিশের বিশেষ শাখা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত সন্দেহে দুই শুটারকে গ্রেপ্তার করার পরপরই এই হুমকি আসে। তদন্তকারীদের ধারণা, মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’র বাইরে গুলি চালানোর ষড়যন্ত্রে গ্রেপ্তার হওয়া ওই দুই শুটার জড়িত ছিলেন।

আরও পড়ুন