EN ☀️
×

Follow Us

বিনোদন

‘হয় বিয়ে করো, নয়তো বিদায়’, গৌতমকে কাজলের স্পষ্ট বার্তা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৬ পিএম

‘হয় বিয়ে করো, নয়তো বিদায়’, গৌতমকে কাজলের স্পষ্ট বার্তা

গৌতম ও কাজল।

অ অ

‘হয় আমাকে বিয়ে করো, নয়তো বিদায় হও’—সাবেক প্রেমিক গৌতম কিচলুকে এমন স্পষ্ট বার্তা দিয়েছিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে প্রেম, এরপর বিচ্ছেদ। তবে বন্ধুত্ব অটুট থাকায় শেষ পর্যন্ত আবারও কাছাকাছি আসেন তারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেমের শুরু, বিচ্ছেদ এবং করোনাকালে নতুন করে এক হওয়ার গল্প শুনিয়েছেন অভিনেত্রী।

সাক্ষাৎকারে কাজল বলেন, ‘আমি সত্যিই ভাগ্যবতী। নিজের সবচেয়ে ভালো বন্ধুকেই বিয়ে করেছি।’ এক বন্ধুর বিয়েতে গৌতমের সঙ্গে পরিচয় হয় তার। সেই পরিচয় থেকেই ধীরে ধীরে ঘনিষ্ঠতা। প্রায় ১৩ বছর আগে তাদের প্রেমের সম্পর্ক শুরু হলেও একসময় বিচ্ছেদ হয়ে যায়।

তবে বিচ্ছেদের পরও তাদের বন্ধুত্ব অটুট ছিল। দুজনেই অন্য সম্পর্কে জড়িয়েছিলেন। তবু একে অপরের প্রতি টান রয়ে গিয়েছিল বলে জানান কাজল।

তিনি বলেন, ‘আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। তবে বন্ধু থেকেছি, অন্য মানুষের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছি। তারপর বুঝতে পেরেছি, আসলে আমাদের একসঙ্গেই থাকার কথা।’

করোনাকালে সেই উপলব্ধি আরও জোরালো হয়। বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যে দুজন আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। তবে এবার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কোনো অনিশ্চয়তা রাখতে চাননি কাজল। গৌতমকে স্পষ্ট জানিয়ে দেন, বিয়েতে রাজি হলেই কেবল নতুন করে সম্পর্ক শুরু করবেন।

কাজল বলেন, ‘আমি ওকে বলেছিলাম— এবার হয় আমাকে বিয়ে করো, নয়তো বিদায় হও। এবার আর অন্য কোনো পথ নেই।’

অভিনেত্রী জানান, দীর্ঘদিন একে অপরকে চেনার কারণে তাদের নতুন করে জানার কিছু ছিল না। একে অপরের ভালো-মন্দ, পছন্দ-অপছন্দ এবং জীবনের নানা ওঠানামা সম্পর্কে দুজনেরই ধারণা ছিল। করোনাকালে পেশাগত ব্যস্ততা কমে যাওয়ায় ব্যক্তিগত জীবনে সময় দেওয়ার সুযোগও তৈরি হয়।


তার ভাষায়, ‘লকডাউন আমাদের নিজেদের জীবনটাকে নতুন করে দেখার সুযোগ করে দিয়েছিল। সব সময় কাজের পেছনে ছুটতে ছুটতে ব্যক্তিগত জীবনের দিকে তাকানোর অবকাশ ছিল না। সেই সময়টাতেই আমরা একে অপরকে আরও বেশি করে সময় দিতে পেরেছিলাম।’

২০২০ সালের অক্টোবর মাসে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন কাজল আগরওয়াল ও গৌতম কিচলু। করোনাকালের বিধিনিষেধের কারণে সীমিত পরিসরে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

আরও পড়ুন