‘পঞ্চায়েত’ এর নতুন সিরিজ প্রকাশ এখনই নয়
ডেইলি সান রিপোর্ট, বিনোদন
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম
'পঞ্চায়েত' ওয়েব সিরিজের একটি পোস্টার।
জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম পর্বের জন্য দর্শকদের অপেক্ষা আরও দীর্ঘ হতে চলেছে। চতুর্থ সিজনের পর থেকেই ‘পঞ্চায়েত ৫’ কবে পর্দায় আসবে তা নিয়ে ভক্তদের মাঝে তুমুল কৌতূহল দেখা দিয়েছে। তবে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
অ্যামাজন প্রাইম ভিডিওর সাম্প্রতিক এক বার্তায় স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে চলতি ২০২৬ সালে মুক্তি পাচ্ছে না সিরিজটির নতুন সিজন। ফলে ফুলেরা গ্রামের নতুন গল্প দেখতে দর্শকদের অন্তত আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
গ্রাম্য রাজনীতির সূক্ষ্ম মারপ্যাঁচ, সাধারণ মানুষের সহজ-সরল জীবনযাপন আর সচিবজির সঙ্গে গ্রামবাসীর অম্লমধুর সম্পর্ক— সব মিলিয়ে ভারতীয় ওটিটি দুনিয়ায় এক অনন্য জায়গা করে নিয়েছে সিরিজটি। তবে দর্শকপ্রিয় এ সিরিজটির পঞ্চম পর্বের মুক্তির জন্য
‘পঞ্চায়েত ৪’-এর শেষ পর্বে গল্পের মোড় পুরোপুরি ঘুরে গিয়েছিল, যা পরবর্তী সিজনের প্রতি দর্শকদের আগ্রহ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
পঞ্চায়েতের কাহিনী আবর্তিত হয়েছে ফুলেরা গ্রামঘিরে। দীর্ঘদিন ফুলেরা গ্রামের শাসনভার সামলেছিলেন প্রধানজি (রঘুবীর যাদব) ও মঞ্জু দেবী (নীনা গুপ্ত)। কিন্তু চতুর্থ সিজনে নাটকীয়ভাবে ক্ষমতার পালাবদল ঘটে এবং গ্রামের নতুন প্রধান হিসেবে নির্বাচিত হন ক্রান্তি দেবী (সুনীতা রাজওয়ার), যার নেপথ্যে রয়েছেন তাঁর স্বামী ভূষণ শর্মা ওরফে ‘বনরাকস’ (দুর্গেশ কুমার)।
আসন্ন পঞ্চম কিস্তিতে ফুলেরা গ্রামে বনরাকসের একচ্ছত্র আধিপত্য কতটা বাড়ে, ক্ষমতাহীন হয়ে পড়া প্রধানজি ও মঞ্জু দেবী কীভাবে এই নতুন রাজনৈতিক বাস্তবতা মোকাবিলা করেন এবং সচিব অভিষেক ত্রিপাঠীর (জিতেন্দ্র কুমার) ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে কী পরিবর্তন আসে—তা দেখার জন্যই মুখিয়ে আছেন দর্শকরা।
ফুলেরা গ্রামের এই বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণে গল্প শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার অপেক্ষা।