২৫ সিনেমার ২০টিই ফ্লপ, পরীমনিকে নিয়ে অপুর মন্তব্যে নতুন বিতর্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:০৪ পিএম
পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বাকি পাঁচটি সিনেমার মধ্যে কয়েকটি এখনো নির্মাণাধীন, আর সেগুলোও আলোচনায় আসেনি বলে দাবি করেন তিনি। একটি অনুষ্ঠানে পরীমনির নাম উল্লেখ না করে এমন মন্তব্য করেন অপু। তার এ বক্তব্য ঘিরে ঢালিউডের দুই চিত্রনায়িকার পুরোনো দ্বন্দ্ব নতুন করে আলোচনায় এসেছে।
সাম্প্রতিক সময়ে পরীমনির নানা কর্মকাণ্ড নিয়ে এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা অপু বিশ্বাসের কাছে জানতে চান। জবাবে অপু বলেন, শিল্পীদের সবসময় গোছানো জীবনযাপন করা উচিত। তার এ বক্তব্য ভালোভাবে নেননি পরীমনি।
এরপর ফেসবুক লাইভে এসে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার বারিশা হককে ইঙ্গিত করে নিজের মতামত তুলে ধরেন অপু। তিনি বলেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ইনফ্লুয়েন্সারের মধ্যে পার্থক্য রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে ইনফ্লুয়েন্সারদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার বিষয়েও আপত্তি জানান তিনি।
অপুর সেই ভিডিও ফেসবুকে শেয়ার করে তাকে কটাক্ষ করেন পরীমনি। পোস্টে ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’ বলেও বিদ্রুপ করেন এই অভিনেত্রী।
এর জবাবে এবার একটি অনুষ্ঠানে গিয়ে পরীমনির নাম উল্লেখ না করেই কড়া মন্তব্য করেন অপু। তিনি বলেন, ‘যার ২৫টি সিনেমার মধ্যে ২০টি সিনেমাই ফ্লপ, পাঁচটি সিনেমা আন্ডার প্রোডাকশন; সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’
অপুর এমন মন্তব্যের জবাবে সামাজিক মাধ্যমে আবারও পোস্ট দিয়েছেন পরীমনি। সেখানেও সরাসরি নাম উল্লেখ না করে অপুকে ইঙ্গিত করে কটাক্ষ করেছেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী।
দুই অভিনেত্রীর এমন পাল্টাপাল্টি মন্তব্য নিয়ে শোবিজ অঙ্গনেও সমালোচনা হচ্ছে। কাজের বাইরে তারকাদের এ ধরনের বিবাদকে অনেকে অপ্রয়োজনীয় বলে মনে করছেন।