পাকিস্তান নিয়ে মন্তব্যে সমালোচনায় শাকিব খান
ডেইলি সান রিপোর্ট, বিনোদন
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম
শাকিব খান। ছবি: সংগৃহীত
ঢালিউড সুপারস্টার শাকিব খান পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন। তবে এ প্রসঙ্গে আলাপ করতে গিয়ে পাকিস্তানের সিনেমা হলের ভুল সংখ্যা বলায় তৈরি হয়েছে আলোচনা ও সমালোচনা।
এসময় পাকিস্তানের নায়িকাদের সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন শাকিব খান। কিন্তু এসময় নায়ক দাবি করেন, পাকিস্তানে বর্তমানে ১২০০টিরও বেশি চালু সিনেমা হল রয়েছে। এমন সম্ভাবনার কথা বিবেচনা করেই পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণে আগ্রহ দেখান শাকিব।
কিন্তু পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সাম্প্রতিক চিত্রের সঙ্গে মিল পাওয়া যায়নি শাকিবের দেওয়া সিনেমা হলের সংখ্যার।
শাকিব দাবি করেন, পাকিস্তানের চালু সিমোগুলোর মধ্যে অনেকগুলো মাল্টিপ্লেক্স। সেখানে কোনো সিনেমা ব্যবসাসফল হলে ২০০ থেকে ৩০০ কোটি পাকিস্তানি রুপি পর্যন্ত আয় করতে পারে বলেও জানতে পেরেছেন তিনি।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ২০২৪ সালের এপ্রিলে এক প্রতিবেদনে জানায়, দেশটিতে আনুমানিক ৬০টি সিনেমা হল ও ১৫০টি পর্দা রয়েছে।
অপরদিকে, ২০২৫ সালের মার্চে ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের পর থেকে পাকিস্তানের প্রায় ৪০ শতাংশ সিনেমার পর্দা বন্ধ হয়ে গেছে। ওই সময় দেশটিতে সচল পর্দার সংখ্যা নেমে আসে ১১৫টিতে।
পাকিস্তানে বর্তমানে ১২০০টির বেশি সচল সিনেমা হল থাকার দাবির সঙ্গে প্রকাশিত এসব তথ্যের বড় ব্যবধান রয়েছে। তবে সিনেমা হল, মাল্টিপ্লেক্সের পর্দা এবং একক পর্দার সংখ্যা এক বিষয় নয়- এই হিসাবের পার্থক্যও বিবেচনায় রাখা জরুরি।
বিভিন্ন সূত্রে সংখ্যার কিছু তারতম্য থাকলেও ১২০০টি সচল হলের পক্ষে নির্ভরযোগ্য সাম্প্রতিক তথ্য পাওয়া যায়নি।
২০২১ সালে প্রকাশিত ‘পাকিস্তান: হিয়ার অ্যান্ড নাউ’ বইয়ের একটি প্রবন্ধে উল্লেখ করা হয়েছে, ১৯৮০ সালের দিকে দেশটিতে ১২০০টির বেশি সিনেমা হল ছিল। এরপর কয়েক দশকে নানা কারণে সেগুলোর সংখ্যা কমতে থাকে।
তবে শাকিব ঠিক কোন সূত্র থেকে তথ্যটি পেয়েছেন, তা জানা যায়নি।
কেউ কেউ জানতে চাইছেন, এত বড় একটি তথ্যগত ভুল তিনি কীভাবে করলেন এবং কোন সূত্রের ওপর নির্ভর করে এমন বক্তব্য দিলেন।
তবে পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণের আগ্রহকে ইতিবাচকভাবেই দেখছেন অনেকে। দুই দেশের শিল্পীদের একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হলে নতুন বাজার ও দর্শকের কাছে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।