EN ☀️
×

Follow Us

বিনোদন

জন্মদিনে রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার দিল চ্যানেল আই

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম

জন্মদিনে রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার দিল চ্যানেল আই
অ অ

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। ‘রুনা মহল’ শিরোনামের এই অনুষ্ঠানে জন্মদিনের উপহার হিসেবে শিল্পীর হাতে তুলে দেওয়া হয়েছে স্বর্ণের গিটার।

চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে রুনা লায়লার হাতে উপহারটি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। ব্যতিক্রমী এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কিংবদন্তি এই সংগীতশিল্পী।

অনুষ্ঠানটি সাজানো হয়েছে রুনা লায়লার দীর্ঘ ও বর্ণাঢ্য সংগীতজীবনের নানা স্মৃতি, অজানা গল্প ও সাফল্যের অধ্যায় নিয়ে। এতে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উঠে আসবে তাঁর সংগীতজীবনের নানা অভিজ্ঞতা।

প্রখ্যাত অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, চিত্রশিল্পী রফিকুন নবী এবং সংগীতশিল্পী আঁখি আলমগীর। তারকাখচিত এই আয়োজন তাঁদের উপস্থিতিতে আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

বাংলা সংগীতের পাশাপাশি উপমহাদেশের সংগীতাঙ্গনেও রুনা লায়লার অবদান অসামান্য। বাংলা চলচ্চিত্রের অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি দেশাত্মবোধক গানসহ বিভিন্ন ধারার সংগীতে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি। প্রজন্মের পর প্রজন্ম তাঁর কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়ে আসছে।

আগামী ১৭ নভেম্বর রুনা লায়লার জন্মদিনে রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘রুনা মহল’। আরিফ খানের পরিচালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অনন্যা রুমা।

আরও পড়ুন