EN ☀️
×

Follow Us

বিনোদন

ইউরোভিশন এশিয়ার প্রথম শিরোপা ফিলিপাইনের ঘরে

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪৫ এএম

ইউরোভিশন এশিয়ার প্রথম শিরোপা ফিলিপাইনের ঘরে

ছবি: সংগৃহীত

অ অ

ইউরোভিশন সং কনটেস্ট এশিয়ার প্রথম আসরেই শিরোপা জিতেছে ফিলিপাইন। দেশটির সংগীতশিল্পী কারমেল ‘সোবর-সোবর’ গান পরিবেশন করে প্রতিযোগিতার প্রথম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। এর মধ্য দিয়ে ইউরোভিশন এশিয়ার ইতিহাসে প্রথম বিজয়ী হিসেবে নাম লেখালেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ওয়ান ব্যাংকক ফোরামে অনুষ্ঠিত হয় ইউরোভিশন এশিয়ার প্রথম আসর। এতে এশিয়ার ১১টি দেশের শিল্পীরা অংশ নেন। ইউরোভিশনের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিযোগিতার ফল নির্ধারণ করা হয় জাতীয় জুরি ও দর্শকদের ভোটের সমন্বয়ে। মোট ফলাফলের ৫০ শতাংশ নির্ধারিত হয়েছে দর্শকদের ভোটে। এ ছাড়া অংশগ্রহণকারী ১১টি দেশের জাতীয় জুরির ভোট এবং প্রতিযোগিতায় অংশ না নেওয়া দেশগুলোর দর্শকদের জন্য ‘রেস্ট অব দ্য ওয়ার্ল্ড’ ভোটের ব্যবস্থাও রাখা হয়েছিল।

কারমেল এর আগে টেলিভিশনে প্রচারিত বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিচিতি পান। ‘দ্য ভয়েস কিডস’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার পর ‘তাওয়াগ এনজি তাঙ্গালান’-এ চ্যাম্পিয়ন হন তিনি। এ ছাড়া ‘পিনয় বিগ ব্রাদার’ রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন এই সংগীতশিল্পী।

ইউরোভিশন এশিয়ার প্রথম আসর আয়োজনের মধ্য দিয়ে ইউরোভিশনের ৭০ বছরের ইতিহাসে যুক্ত হলো নতুন অধ্যায়। আয়োজকদের ভাষ্য, এ প্রতিযোগিতার মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশের সংগীত, ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য বিশ্বমঞ্চে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিযোগিতার প্রথম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে ব্যান্ড ব্যাটমোসফিয়ার। তাদের পরিবেশিত গানের নাম ছিল ‘তুমি এলে’।

আরও পড়ুন