EN ☀️
×

Follow Us

বিনোদন

মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে আলো ছড়াচ্ছেন সামিরা খান মাহি

ডেইলি সান রিপোর্ট, বিনোদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:০১ পিএম

মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে আলো ছড়াচ্ছেন সামিরা খান মাহি

ছবি: সংগৃহীত

অ অ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এখন ক্যারিবীয় দ্বীপপুঞ্জ পুয়ের্তো রিকোতে অবস্থান করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি।

সেখানে পৌঁছেই প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নিয়েছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি প্রকাশ করেছেন একগুচ্ছ ছবি।

ছবিগুলোর ক্যাপশনে বিশ্বমঞ্চে নিজের নতুন এই যাত্রার উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাহি। ইংরেজিতে তিনি লেখেন, "আর এভাবেই মিস ইউনিভার্সের যাত্রা শুরু হলো! সামনে অপেক্ষা করছে অনেক সুন্দর মুখ, সুন্দর মন এবং অবিস্মরণীয় সব মুহূর্ত। আমার কুইনদের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত।"

এর আগে গত ৭ নভেম্বর রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জয় করেন সামিরা খান মাহি। অনুষ্ঠানে গত আসরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন।

মুকুট জয়ের পরদিন, অর্থাৎ ৮ নভেম্বর রাতেই লাল-সবুজের পতাকা হাতে পুয়ের্তো রিকোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

গত ১১ নভেম্বর থেকে পুয়ের্তো রিকোতে ৭৫তম মিস ইউনিভার্সের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বিশ্বের ১২০টিরও বেশি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়ছেন বাংলাদেশের এই প্রতিনিধি।

ইতোমধ্যে উদ্বোধনী প্যারেড ও ফটোশুটে অংশ নিয়ে নিজের সরব উপস্থিতির জানান দিয়েছেন মাহি।

আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর সান জুয়ানের হোসে মিগুয়েল অ্যাগ্রেলট কলিসিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে।

গত আসরে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা সেরা ৩০-এ জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছিলেন। এবার সামিরা খান মাহির হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশ আরও বড় সাফল্য অর্জন করবে— এমনটাই প্রত্যাশা করছেন তাঁর ভক্ত ও শুভানুধ্যায়ীরা।

আরও পড়ুন