EN ☀️
×

Follow Us

বিনোদন

গলায় কোরআনের আয়াত পরার অভিযোগে কারিনা কাপুরের বিরুদ্ধে আইনি নোটিশ

ডেইলি সান রিপোর্ট, বিনোদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম

গলায় কোরআনের আয়াত পরার অভিযোগে কারিনা কাপুরের বিরুদ্ধে আইনি নোটিশ

দীপাবলীর অনুষ্ঠানে রাজকীয় লুকে কারিনা কাপুর খান ও তাঁর স্বামী সাইফ আলী খান। ছবি: সংগৃহীত

অ অ

ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি আয়াতকে গলায় অলংকার হিসেবে ব্যবহারের অভিযোগে আইনি বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। সম্প্রতি দীপাবলীর অনুষ্ঠানে তিনি সবুজ পান্নার ’আয়াতুল কুরসি’ খোদাই করা পেনডেন্ট পরেছিলেন। আর এখান থেকেই অভিযোগের শুরু।

 দীপাবলির অনুষ্ঠানে কাফতান, পাগড়ি ও ঐতিহাসিক অলংকারে এক রাজকীয় সাজে হাজির হয়েছিলেন কারিনা। পরনে ছিল ফ্যাশন ডিজাইনার পুনীত বালানার নকশা করা নিউড-বেইজ রঙের কাফতান। মাথার পাগড়িতে যুক্ত ছিল প্রায় ২০০ বছরের পুরোনো একটি ঐতিহাসিক কলগি।

ভোপালের রাজকীয় পরিবারের ২০০ বছরের পুরোনো উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত গয়না মাথার কলগি ও সবুজ পান্নার পেনডেন্টটি। এই কলগিটি কারিনার স্বামী অভিনেতা সাইফ আলি খান তাদের বিয়েতেও পরেছিলেন।

কারিনার গলায় একটি ভারী নেকলেসের সাথে ছিল সবুজ পান্নার পেনডেন্টটি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের মধ্য প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ এ সংক্রান্ত ছবি সরানো ও জনসমক্ষে ক্ষমা চাওয়ার ব্যাপারে আইনি নোটিশ জারি করেছেন। এ ঘটনা মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে দাবি করেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এটি পতৌদি পরিবারের বংশপরম্পরায় পাওয়া সম্পদ। ৩০-ক্যারেটের এই প্রাচীন পান্নাটি ভোপালের বেগমদের ছিল।

অভিনেত্রীর এই সাজ দেখে মুগ্ধ হয়েছিলেন ভক্তদের পাশাপাশি বলিউডের একাধিক তারকাও। কিন্তু প্রশংসার পাশাপাশি নেটিজেনদের তোপের মুখে পড়ে গলার সবুজ পান্নার হারটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনায় নেটিজেনদের একাংশ দাবি করছেন, প্রায় ৩০ ক্যারেটের পান্নাটির গায়ে খোদাই করা হয়েছে ‘আয়াতুল কুরসি’। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ মর্যাদাপূর্ণ এই আয়াত অলংকার হিসেবে ব্যবহারের বিষয়টি নিয়েই তাদের আপত্তি।

এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি কারিনা। 

এদিকে শাহরুখ খানের ‘কিং’ সিনেমায় বিশেষ চরিত্রে কারিনাকে দেখা যেতে পারে বলে আলোচনা রয়েছে। এই সিনেমায় আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাঘব জুয়ালসহ একাধিক তারকা।

আরও পড়ুন