EN ☀️
×

Follow Us

বিনোদন

ফের সংসার ভাঙল পবন কল্যাণের, ১৩ বছরের দাম্পত্যে ইতি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম

ফের সংসার ভাঙল পবন কল্যাণের, ১৩ বছরের দাম্পত্যে ইতি
অ অ

দক্ষিণ ভারতীয় অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের সংসারজীবনে আবারও ভাঙনের সুর। তৃতীয় স্ত্রী আন্না কোনিদালার সঙ্গে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। সোমবার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক যৌথ বিবৃতিতে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন পবন ও আন্না।

যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘একসঙ্গে জীবনের দারুণ কিছু সময় পার করার পর পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটলেও আমরা ভালো বন্ধু এবং সন্তানদের প্রতি দায়িত্বশীল অভিভাবক হিসেবে থাকব। সন্তানদের সুখ ও সুস্থতাই সব সময় আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকবে।’

এ ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে গোপনীয়তা বজায় রাখার জন্য শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা। একই সঙ্গে এত দিন যারা তাদের পাশে ছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পবন কল্যাণের এটি তৃতীয় বিয়ে। ১৯৯৭ সালে প্রথমবার নন্দিনীকে বিয়ে করেন তিনি। তবে দুই বছরের মাথায়, ১৯৯৯ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেশাইকে বিয়ে করেন পবন। এ সংসারে এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। তবে ২০১২ সালে ভেঙে যায় সেই সংসারও।

এরপর ২০১৩ সালে রাশিয়ান বংশোদ্ভূত আন্না কোনিদালাকে বিয়ে করেন পবন। এ দম্পতিরও দুই সন্তান রয়েছে। দীর্ঘ ১৩ বছর একসঙ্গে থাকার পর এবার তৃতীয় সংসারেও বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় এ তারকা।

অভিনেতা চিরঞ্জীবী ও নাগেন্দ্র বাবুর ছোট ভাই পবন কল্যাণ। ১৯৯৬ সালে ‘আক্কাদা আম্মায়ি ইক্কাদা আব্বায়ি’ সিনেমার মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তেলুগু সিনেমার অন্যতম বড় তারকা হয়ে ওঠেন তিনি।

সর্বশেষ চলতি বছরের মার্চে ‘ওস্তাদ ভগত সিং’ সিনেমায় বড় পর্দায় দেখা গেছে পবনকে। ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় পবন। ২০০৮ সালে বড় ভাই চিরঞ্জীবীর প্রতিষ্ঠিত প্রজা রাজ্যম পার্টির যুব সংগঠন যুবরাজ্যমের সভাপতি হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেন তিনি। ২০১১ সালে রাজনীতি থেকে সাময়িক বিরতি নিলেও ২০১৪ সালের মার্চে নিজেই জনসেনা পার্টি প্রতিষ্ঠা করেন।

২০১৪ সালের নির্বাচনে দলটির পক্ষে প্রচার চালান পবন। তবে ২০১৯ সালের অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল পায়নি তার দল। পরে ২০২৪ সালের লোকসভা ও বিধানসভা নির্বাচনে তেলুগু দেশম পার্টি (টিডিপি) ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে জোট করে সাফল্য পায় জনসেনা। নির্বাচনে জয়ের পর অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পান পবন কল্যাণ।

আরও পড়ুন