EN ☀️
×

Follow Us

বিনোদন

গুলশানে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, গাড়িতে হামলার অভিযোগ শামসুন্নাহার স্মৃতির

ডেইলি সান রিপোর্ট, বিনোদন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪১ এএম

গুলশানে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, গাড়িতে হামলার অভিযোগ শামসুন্নাহার স্মৃতির

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন বিতর্কিত চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি, যিনি পরীমনি নামে পরিচিত। একই সঙ্গে অনুষ্ঠানস্থলে ভাঙচুর এবং উপস্থিত শিল্পীদের হেনস্তার অভিযোগও তুলেছেন তিনি। এ ঘটনায় দেশের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন এই তথাকথিত অভিনেত্রী।

রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে নিজের ফেসবুক পেজে লাইভে এসে এসব অভিযোগ করেন শামসুন্নাহার স্মৃতি।

গুলশানের শুটিং ক্লাবে পাঁচ দিন ধরে চলা একটি অনুষ্ঠানের শেষ দিন ছিল রোববার। শামসুন্নাহার স্মৃতি জানান, অনুষ্ঠানে তার পরিবেশনার নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে পারেননি। তবে দর্শকরা পুরো অনুষ্ঠান উপভোগ করেছেন।

তিনি বলেন, অনুষ্ঠান শেষ হওয়ার পর এক ব্যক্তি আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলতে শুরু করেন। ঘটনাটিকে পরিকল্পিত বলেও দাবি করেন এই অভিনেত্রী।

ফেসবুক লাইভে তিনি বলেন, ‘পুরো প্রোগ্রাম শেষ হওয়ার পরে একজন আওয়াজ তুললো। অ্যাটাকিং মোডে আওয়াজ তুললো।’

অনুষ্ঠানে আরও শিল্পী উপস্থিত ছিলেন উল্লেখ করে শামসুন্নাহার স্মৃতি বলেন, কারও কোনো ক্ষোভ বা অভিযোগ থাকলে তার সঙ্গে সরাসরি কথা বলা উচিত ছিল। কিন্তু অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পরিস্থিতির কারণে তিনি থানায় ফোন করতে বাধ্য হন।

লাইভে তিনি আরও বলেন, ‘গুলশান থানা পুলিশ এখানে থাকার পরও তারা আমাকে বের করতে পারতেছিল না, অতিরিক্ত পুলিশ তারা কল করে। তাহলে দেশটা কার হাতে।’

ঘটনার জন্য দায়ীদের সমালোচনা করে শামসুন্নাহার স্মৃতি তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন। একই সঙ্গে দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়েও প্রশ্ন করেন তিনি।

তিনি বলেন, ‘কোথায় এই দেশের নিরাপত্তা। আমি তাহলে ঘোমটা পরেই থাকি, এই করবো।’

এ ছাড়া শুটিং ক্লাবে স্টল ভাঙচুরের অভিযোগও করেন এই অভিনেত্রী। এসব ভাঙচুরের দায় কে নেবে, সেই প্রশ্ন তুলে কারও সঙ্গে ব্যক্তিগত ক্ষোভ থাকলে আলোচনার মাধ্যমে তা মীমাংসার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, ‘একটা সমস্যা হয়েছিল। পরীমনি চলে গেছেন। আর কোনো ঝামেলা হয়নি।’

আরও পড়ুন