রাইমার জন্মদিনে ঋতুপর্ণার শুভেচ্ছা, বন্ধুর জন্য চান ‘প্রিন্স চার্মিং’
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৬ এএম
বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি এবং অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে রাইমা সেন। পারিবারিক অভিনয় ঐতিহ্যের ধারাবাহিকতায় নিজেও টালিউডে প্রতিষ্ঠিত করেছেন নিজের অবস্থান। ক্যারিয়ারে উপহার দিয়েছেন বেশ কিছু প্রশংসিত সিনেমা। আজ এই অভিনেত্রীর জন্মদিন।
মজার বিষয় হলো, একই দিনে জন্মদিন টালিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তেরও। দীর্ঘদিনের বন্ধুত্বের সূত্র ধরে জন্মদিনে একে অপরকে নিয়ে বিশেষ অনুভূতি প্রকাশ করেছেন তারা। কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজারে রাইমাকে নিয়ে লিখেছেন ঋতুপর্ণা।
রাইমাকে নিয়ে ঋতুপর্ণা লিখেছেন, ‘আমার আর রাইমার একই দিনে জন্মদিন। তাই আমরা খানিক একরকম। আমরা দুজনেই খুব মিশুক। মানুষের সঙ্গে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব করি, মিলেমিশে যাই। আমরা আসলে পরিবারের মতোই হয়ে গিয়েছি। আমি আর রাইমা যখন ‘অনুরণন’ করলাম, তখন আমাদের মধ্যে বন্ধুত্ব অনেক গাঢ় হয়ে গিয়েছিল। আমরা দুজনে ভীষণ মজাও করেছি।’
রাইমার সঙ্গে প্রায়ই আড্ডা হয় বলেও জানিয়েছেন ঋতুপর্ণা। তার ভাষায়, ‘ওর মনটাও ভীষণ ভালো, শিশুর মতো। আমার মা আর ওর বাবা, এই নভেম্বরেই চলে গিয়েছেন। আমার মায়ের মৃত্যুর পর প্রথমে রাইমাই এসেছিল আমার সঙ্গে দেখা করতে। সঙ্গে মুনমুন সেনও এসেছিলেন। আমাদের হয়তো রোজ দেখা হয় না, কিন্তু কোথাও একটা বন্ধন আছে। আমরা প্রচুর পার্টিও করি।’
৪৭ বছর বয়সী রাইমা এখনো বিয়ে করেননি। বন্ধুর ব্যক্তিগত জীবন নিয়েও নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন ঋতুপর্ণা। তিনি চান, দ্রুত রাইমার জীবনে আসুক মনের মতো একজন মানুষ।
ঋতুপর্ণার কথায়, ‘ও খুব প্রাণবন্ত। ওকে শুভেচ্ছা। এখন জীবনে যেন ও সবকিছু পায়। ও যখন যে কাজটা করে, সেটা খুব মন দিয়ে করে। শুধু আমার মনে হয়, ব্যক্তিগত সিদ্ধান্ত ওর একটু ভেবে নেওয়া উচিত। আমি চাই ওর জীবনে খুব তাড়াতাড়ি একজন প্রিন্স চার্মিং আসুক।’