EN ☀️
×

Follow Us

বিনোদন

প্রতিদিন চুমু বাধ্যতামূলক, অদ্ভুত শর্তে আসছে নতুন ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম

প্রতিদিন চুমু বাধ্যতামূলক, অদ্ভুত শর্তে আসছে নতুন ছবি

‘কিস ফর টুমরো’-তে জুটি বাঁধছেন সন সুক-কু ও পার্ক বো-ইয়ং।

অ অ

প্রতিদিন অন্তত একবার চুমু না খেলে পরের দিন আসবে না, এমন অদ্ভুত শর্ত নিয়ে তৈরি হচ্ছে দক্ষিণ কোরিয়ার রোমান্টিক কমেডি সিনেমা ‘কিস ফর টুমরো’। ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন সন সুক-কু ও পার্ক বো-ইয়ং। পরিচালক কাং হিয়ং-চলের এই ছবির শুটিং শুরু হয়েছে গত শনিবার। সোমবার ছবিটির পরিবেশক নেক্সট এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।

ছবির গল্পে দেখা যাবে, প্রতিদিন অন্তত একবার চুমু না খেলে পরের দিনে যেতে পারেন না এক দম্পতি। ছুটি কাটাতে ক্রুজ জাহাজে গিয়ে একসময় দুজন আলাদা হয়ে পড়েন। এরপর একে অপরকে খুঁজে বের করার চেষ্টা শুরু করেন তাঁরা। এভাবেই গল্পে যুক্ত হয় টাইম লুপ বা সময়ের চক্রে আটকে যাওয়ার ঘটনা।

সন সুক-কুকে সর্বশেষ ২০২৪ সালে ‘ট্রল ফ্যাক্টরি’ ছবিতে দেখা গেছে। ২০২৫ সালে ডিজনি প্লাসের সিরিজ ‘নাইন পাজলস’-এও অভিনয় করেছেন তিনি। অন্যদিকে পার্ক বো-ইয়ংকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ২০২৩ সালের ‘কংক্রিট ইউটোপিয়া’ ছবিতে। ২০২৫ সালে টিভিএনের সিরিজ ‘আওয়ার আনরিটেন সিউল’-এও অভিনয় করেছেন তিনি। ‘কিস ফর টুমরো’ এই দুই তারকার একসঙ্গে প্রথম কাজ।

পরিচালকের সঙ্গে পার্কের অবশ্য আগেও কাজের অভিজ্ঞতা আছে। ২০০৮ সালে কাং হিয়ং-চলের ‘স্ক্যান্ডাল মেকার্স’ ছবিতে অভিনয় করে পরিচিতি পান তিনি। তখন তাঁর বয়স ছিল ১৮ বছর। ১৮ বছর পর আবারও একসঙ্গে কাজ করছেন তাঁরা।

কাং হিয়ং-চল এর আগে ‘সানি’ (২০১১), ‘তাজা: দ্য হিডেন কার্ড’ (২০১৪), ‘সুইং কিডস’ (২০১৮) ও ‘হাই-ফাইভ’ (২০২৫) পরিচালনা করেছেন। ‘কিস ফর টুমরো’ তাঁর পরিচালিত প্রথম রোমান্টিক ছবি।

ছবিটির শুটিং হবে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে। তবে মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন