নিজস্ব সংস্কৃতি তুলে ধরেই বিশ্বদর্শকের কাছে পৌঁছাতে চান রণবীর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৬ এএম
রণবীর কাপুর
‘বলিউড’ পরিচয়ের চেয়ে নিজেকে ভারতীয় অভিনেতা হিসেবে তুলে ধরতেই বেশি স্বচ্ছন্দ রণবীর কাপুর। তার মতে, ‘বলিউড’ শব্দটি হলিউডের অনুকরণে তৈরি। তাই এই পরিচয়ের বদলে ভারতীয় সিনেমার প্রতিনিধি হয়ে উঠতে চান তিনি।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই ভাবনার কথা জানান রণবীর। লন্ডনে আসন্ন সিনেমা ‘রামায়ণ’-এর প্রচারে গিয়ে সাক্ষাৎকার দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ছবির সহশিল্পী সাই পল্লবী ও যশ।
সাক্ষাৎকারে রণবীর বলেন, তিনি শুধু বলিউডের নয়, পুরো ভারতীয় সিনেমার প্রতিনিধি হতে চান। কারণ, ভারত নানা সংস্কৃতি, ভাষা ও রাজ্যের দেশ হলেও শিল্পের মাধ্যমে সবাই এক সুতোয় বাঁধা। শিল্পের কোনো সীমানা নেই বলেও মন্তব্য করেন তিনি।
রণবীরের ভাষায়, ‘আমি ভারতীয় সিনেমার একজন প্রতিনিধি হতে চাই। আমরা এমন একটি দেশ থেকে এসেছি, যেখানে বিভিন্ন সংস্কৃতি, ভাষা ও রাজ্য রয়েছে। কিন্তু দিন শেষে আমরা সবাই শিল্প সৃষ্টির জন্য কাজ করছি। আর শিল্পই মানুষকে একত্র করে। শিল্পের কোনো সীমানা নেই।’
নিজের ভাবনার ব্যাখ্যায় অভিনেতা বলেন, কোনো গল্পের শিকড় যদি নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের গভীরে থাকে এবং তা যথাযথভাবে তুলে ধরা যায়, তবে সেই গল্প বিশ্বের নানা প্রান্তের দর্শকের কাছেও পৌঁছাতে পারে।
এ প্রসঙ্গে ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন’, কোরীয় চলচ্চিত্র ও ‘লাইফ ইজ বিউটিফুল’-এর উদাহরণ টানেন তিনি।
রণবীরের মতে, আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছানো চলচ্চিত্র নির্মাণের অন্যতম লক্ষ্য হতে পারে। তবে সে জন্য নিজস্ব সংস্কৃতি ও গল্প বলার ধরন থেকে সরে আসা উচিত নয়। বরং অন্যদের রুচির অনুকরণ না করে নিজের সংস্কৃতির স্বকীয়তা বজায় রেখেই বিশ্বদর্শকের কাছে পৌঁছানোর চেষ্টা করা প্রয়োজন।