অভিনেত্রী এরিকা এলেনিয়াক
নব্বইয়ের দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘বেওয়াচ’-এ অভিনয় করে পরিচিতি পাওয়া এরিকা এলেনিয়াক নতুন করে আলোচনায় এসেছেন। ৫৭ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী অনলি ফ্যানস প্ল্যাটফর্মে মাত্র তিন মাসে প্রায় ৩ লাখ ডলার আয় করেছেন।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম টিএমজেডের তথ্য অনুযায়ী, গত আগস্টে অনলি ফ্যানসে অ্যাকাউন্ট খোলেন এরিকা। শুরুতে সপ্তাহে প্রায় ১০ হাজার ডলার আয় করলেও বর্তমানে তা অনেক বেড়েছে। এভাবে আয় অব্যাহত থাকলে প্রথম বছরেই তার উপার্জন ১০ লাখ ডলারে পৌঁছাতে পারে।
ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে এরিকা বলেন, শুরুতে অনলি ফ্যানসে যুক্ত হওয়ার বিষয়টি তাঁর ভালো লাগেনি। তবে এখন তিনি প্ল্যাটফর্মটি উপভোগ করছেন। এর মাধ্যমে দীর্ঘদিনের ভক্তদের সঙ্গে নতুন করে যোগাযোগের সুযোগ হয়েছে।
অভিনেত্রীর ভাষ্য, অনলি ফ্যানসে যুক্ত হওয়ার পর ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থন তাঁকে মুগ্ধ করেছে। জীবনে প্রথমবারের মতো নিজেকে এতটা ভালোবাসা, প্রশংসা ও আত্মবিশ্বাসে ভরপুর মনে হচ্ছে বলেও জানান তিনি।
এরিকা বলেন, ‘বেওয়াচ’-এ অভিনয়ের সময় নিজের চেহারা ও শরীর নিয়ে অনেক সময় অস্বস্তিতে ভুগতেন। তবে এখন নিজের শরীর নিয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। শুরুতে ভক্তদের সঙ্গে যোগাযোগের একটি মজার মাধ্যম হিসেবে প্ল্যাটফর্মটিতে যুক্ত হওয়ার কথা ভেবেছিলেন তিনি।
অনলি ফ্যানস একটি সাবস্ক্রিপশনভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম। এখানে কনটেন্ট নির্মাতারা গ্রাহকদের কাছ থেকে সরাসরি অর্থ নিয়ে নিজেদের তৈরি কনটেন্ট প্রকাশ করেন। এরিকাকে ঘিরে প্ল্যাটফর্মটির সাবস্ক্রাইবারের সংখ্যা ১ হাজার ১০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে টিএমজেড।
অনলি ফ্যানসকে শুধু প্রাপ্তবয়স্কদের প্ল্যাটফর্ম হিসেবে দেখার প্রবণতা বদলাচ্ছে বলে মনে করেন এরিকা। তাঁর মতে, এটি এখন অনেকটা আধুনিক ফ্যান ক্লাবের মতো, যেখানে নির্মাতারা সরাসরি ভক্তদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং নিজেদের কনটেন্টের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন।