এখন কেমন আছেন সালমান মুক্তাদির?
ডেইলি সান রিপোর্ট, বিনোদন
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম
কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। ছবি: সংগৃহীত
ব্যক্তিগত জীবনের নানা সংকট, স্টুডিও ভাঙার ঘটনা এবং দেশে কাজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অবশেষে মুখ খুলেছেন জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্যাপ’-এর বিশেষ প্রদর্শনীতে হাজির হয়ে তার সাথে সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ও বিতর্কের জবাব দেন তিনি।
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পাওয়া এই ছবিটির প্রদর্শনী গত শনিবার (১ নভেম্বর) মহাখালীর স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সালমান জানান, স্ত্রী-সন্তানকে নিয়ে বর্তমানে তিনি বেশ কঠিন ও করুণ সময় পার করছেন। তবে এই খারাপ পরিস্থিতিকে মেনে নিয়ে তিনি সামনে এগিয়ে যেতে চান।
তিনি বলেন, “ক্যামেরার সামনে এসে যখন আমরা জনপ্রিয়তা, খ্যাতি ও টাকা পাই, তখন এর নেতিবাচক দিকটাও আমাদের মেনে নিতে হবে। ভালো দিকটা নেব আর খারাপটা নেব না, তা হতে পারে না।”
তাকে ঘিরে নানা বিতর্কে শ্বশুরের নাম জড়িয়ে ওঠা এবং একতরফা অভিযোগ প্রসঙ্গে তিনি দুঃখ প্রকাশ করেন।
সালমান জানান, আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই তাঁর বিরুদ্ধে নানা রটনা ছড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের ক্যারিয়ার ও জীবন ধ্বংস করে দিতে পারে। দেশের বর্তমান পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা নিয়ে সরকারকে কোনো প্রস্তাব দিয়েও তিনি এখন পর্যন্ত কোনো সাড়া পাননি বলে উল্লেখ করেন।
স্টুডিও ভাঙার ঘটনার পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করে এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, “বাংলাদেশে নতুন করে কোনো স্টুডিও পরিচালনা কিংবা বিনিয়োগের পরিকল্পনা আমার নেই। দেশে থাকার পরিকল্পনা আগেও ছিল না, এখনও নেই।”
প্রতিকূল পরিস্থিতি সামলানোর মানসিক শক্তি তাঁর আছে জানিয়ে তিনি দেশের বাইরে নিজের কাজ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেন।