মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম টিকিট বিক্রি ১৭ কোটি রুপি ছাড়াল
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পিএম
মুক্তির আগেই বক্স অফিসে সাড়া ফেলেছে রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটির অগ্রিম টিকিট বিক্রি ইতিমধ্যে ১৭ কোটি রুপি ছাড়িয়েছে। টিকিট বিক্রিতে সবচেয়ে বেশি সাড়া মিলছে হিন্দি সংস্করণে। তবে বড় শহরগুলোর মধ্যে আগের দিনের তুলনায় বুকিং বৃদ্ধির হারে এগিয়ে রয়েছে বেঙ্গালুরু।
বক্স অফিসের হিসাব সংরক্ষণকারী ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ভারতের ৬ হাজার ৭৮০টি শো থেকে ছবিটির অগ্রিম টিকিট বিক্রির আয় দাঁড়িয়েছে ১৭ কোটি ৮ লাখ রুপি। এ পর্যন্ত বিক্রি হয়েছে ৩ লাখ ৩৩ হাজার টিকিট।
মোট অগ্রিম আয়ের প্রায় ৮৩ শতাংশ এসেছে হিন্দি সংস্করণ থেকে। এ সংস্করণে টিকিট বিক্রির পরিমাণ ১৪ কোটি ১৭ লাখ রুপি। এ ছাড়া কন্নড় সংস্করণ থেকে ২ কোটি ৩৬ লাখ, তেলুগু সংস্করণ থেকে ৪৯ লাখ ৬৯ হাজার এবং তামিল সংস্করণ থেকে ৫ লাখ ৪৯ হাজার রুপি আয় হয়েছে।
শহরভিত্তিক অগ্রিম টিকিট বিক্রিতে শীর্ষে রয়েছে দিল্লি-এনসিআর। অঞ্চলটি থেকে ছবিটির আয় হয়েছে ৩ কোটি ৫ লাখ রুপি। ২ কোটি ৮৫ লাখ রুপি আয় নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বেঙ্গালুরু। তবে আগের দিনের তুলনায় অগ্রিম বুকিং বৃদ্ধির হার এ শহরেই সবচেয়ে বেশি, ১৬ শতাংশ।
অন্যদিকে মুম্বাইয়ে অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ২ কোটি ২৯ লাখ রুপি। হায়দরাবাদে এ আয় ৮৯ লাখ ৩৫ হাজার এবং কলকাতায় ৬৭ লাখ ৮৫ হাজার রুপি।
গত ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয় সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার। এরপর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে রামের চরিত্রে রণবীর কাপুরের অভিনয়, রাবণের সাজে যশ, আবহসংগীত ও অ্যাকশন দৃশ্য প্রশংসা পেয়েছে। ছবির বিশাল নির্মাণশৈলীর সঙ্গে কেউ কেউ তুলনা করেছেন ‘দ্য লর্ড অব দ্য রিংস’ সিনেমার।
দুই পর্বে নির্মিত হচ্ছে ‘রামায়ণ’। প্রথম পর্বে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে রয়েছেন যশ। এ ছাড়া হনুমানের চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের ভূমিকায় দেখা যাবে রবি দুবেকে।
সবকিছু ঠিক থাকলে আগামী ৫ নভেম্বর দীপাবলি উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘রামায়ণ: পার্ট ১’। সিনেমাটির দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৮ সালের দীপাবলিতে।