EN ☀️
×

Follow Us

বিনোদন

বাবা ও স্বামী হিসেবে ভিকির কোন গুণে মুগ্ধ ক্যাটরিনা?

ডেইলি সান রিপোর্ট, বিনোদন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৪ এএম

বাবা ও স্বামী হিসেবে ভিকির কোন গুণে মুগ্ধ ক্যাটরিনা?
অ অ

দিনভর শুটিং শেষে ঘরে ফেরেন ভিকি কৌশল। ক্লান্তি দূরে ঠেলে তখনই মন দেন সন্তান ও সংসারে। স্বামী ও সন্তানের বাবা হিসেবে ভিকির এই দায়িত্ববোধে মুগ্ধ বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি। জানিয়েছেন, সন্তান আসার পর কীভাবে বদলে গেছে তাদের ব্যক্তিগত ও রোমান্টিক সময় কাটানোর অভ্যাস।

২০২১ সালে রাজকীয় আয়োজনে বিয়ে করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। গত বছর তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান বিহান। দেখতে দেখতে তার বয়স এখন প্রায় এক বছর। প্রথমবার মা-বাবা হওয়ার পর নতুন জীবনের নানা দায়িত্ব একসঙ্গে সামলাচ্ছেন এই দম্পতি। এ সময় ভিকির দায়িত্ববোধই ক্যাটরিনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে।

ক্যাটরিনা জানান, দিনে ১৪, ১৬ কিংবা ১৮ ঘণ্টা শুটিং করে বাড়ি ফেরেন ভিকি। এত দীর্ঘ সময় কাজ করার পরও ঘরে ফিরে তার মধ্যে নতুন করে শক্তি ফিরে আসে। ক্লান্তি সত্ত্বেও সন্তান বিহান ও সংসারে পুরো মনোযোগ দেন তিনি। ভিকির এই গুণকে বিশেষ এক ক্ষমতা বলে মনে করেন ক্যাটরিনা।

তবে সন্তানকে ঘিরে নতুন জীবন উপভোগ করলেও নিজেদের একান্ত সময় আগের মতো নেই বলে জানিয়েছেন অভিনেত্রী। আগে দুজনে হুটহাট রেস্তোরাঁয় খেতে যেতেন কিংবা সিনেমা দেখতেন। এখন এসবের সুযোগ অনেকটাই কমে গেছে।

বিষয়টিকে অবশ্য নেতিবাচকভাবে দেখছেন না তারা। ক্যাটরিনা জানান, ভিকি সব সময় তাকে সাহস জোগান। তিনি মনে করিয়ে দেন, সময় হলে সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে আসবে।

কাজের ক্ষেত্রেও আপাতত নিজের মতো করে সময় কাটাচ্ছেন ক্যাটরিনা। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মেরি ক্রিসমাস’ ছবির পর তাকে আর পর্দায় দেখা যায়নি। তবে অভিনয়ে ফেরার বিষয়ে এখনই কোনো তাড়াহুড়ো নেই তার। আপাতত নিজের ব্যবসায়িক উদ্যোগ, পরিবার ও নিজের জন্য সময় দেওয়াকে প্রাধান্য দিচ্ছেন তিনি।

তবে পর্দায় ফেরার সুযোগ এলে ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসতে চান ক্যাটরিনা। এবার আর ইতিবাচক চরিত্রে নয়, বরং খলনায়িকার ভূমিকায় অভিনয় করে ফিরতে আগ্রহী এই অভিনেত্রী।

আরও পড়ুন