EN ☀️
×

Follow Us

বিনোদন

৮ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ আয়কারী রজনীকান্তের ‘জেলার ২’

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পিএম

৮ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ আয়কারী রজনীকান্তের ‘জেলার ২’

ছবি: সংগৃহীত

অ অ

বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে ভারতের দক্ষিণী মেগাস্টার রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’। নেলসন দিলীপকুমার পরিচালিত এই অ্যাকশনধর্মী চলচ্চিত্রটি মুক্তির মাত্র ১১ দিনের মাথায় বিশ্বজুড়ে ৭০০ কোটি রুপির আয়ের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করেছে।

এর মধ্য দিয়ে দীর্ঘ ৮ বছর ধরে সর্বোচ্চ আয় করা তামিল সিনেমার তালিকায় শীর্ষে থাকা রজনীকান্তেরই অন্য ছবি ‘২.০’-কে পেছনে ফেলে অনন্য উচ্চতায় পৌঁছে গেছে সিক্যুয়েলটি।

ভারতীয় বক্স অফিস বাণিজ্যভিত্তিক নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, গত ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৭১০.৩৫ কোটি রুপি।

গতকাল ২৫ অক্টোবর (রবিবার) এক দিনেই ভারতের প্রেক্ষাগৃহগুলো থেকে নিট ২৫.৭০ কোটি রুপি তুলে নিয়েছে ছবিটি।

এর ফলে ভারতের অভ্যন্তরীণ বাজারে সিনেমাটির মোট নিট আয় দাঁড়িয়েছে ৩৯৮.৭০ কোটি রুপি এবং করসহ (গ্রস) মোট সংগ্রহ পৌঁছেছে ৪৬৬.৮৫ কোটি রুপিতে।

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারেও ‘জেলার ২’ এর দাপট অব্যাহত রয়েছে। ভারতের বাইরের বাজার থেকে একাদশতম দিনে সিনেমাটি ১০ কোটি রুপি আয় করায় বিশ্ব বাজারে এর মোট আন্তর্জাতিক সংগ্রহ দাঁড়িয়েছে ২৪৩.৫০ কোটি রুপিতে।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, তামিল সংস্করণটি ৫ হাজার ৬৮৩টি প্রদর্শনী থেকে ১৭.৩৫ কোটি রুপি আয় করেছে। তেলুগু সংস্করণ ১ হাজার ৮৬০টি প্রদর্শনী থেকে আয় করেছে ৪.৫০ কোটি রুপি।

এ ছাড়া হিন্দি সংস্করণ ৪ হাজার ১৯৫টি প্রদর্শনী থেকে ৩.১৫ কোটি রুপি এবং কন্নড় সংস্করণ ২১৬টি প্রদর্শনী থেকে ৭০ লাখ রুপি আয় করেছে। সব ভাষা মিলিয়ে রবিবার ভারতের বাজারে সিনেমাটির নিট আয় ২৫.৭০ কোটি রুপি।

মুক্তির প্রথম সপ্তাহান্তেই একাধিক বক্স অফিস রেকর্ড ভাঙা ‘জেলার ২’ দ্রুততম সময়ে ৩০০ ও ৪০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছোঁয়া তামিল সিনেমার তালিকায় শীর্ষস্থান করে নিয়েছে। ২০২৬ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমাগুলোর মধ্যে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী ব্লকবাস্টার ছবি।

দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা তামিল সিনেমার অলঙ্ঘনীয় রেকর্ডটি ছিল ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত ‘২.০’ সিনেমার দখলে, যার মোট লাইফটাইম কালেকশন ছিল প্রায় ৬৯১ কোটি রুপি। এবার নিজের সেই ৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে তামিল সিনেমার ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করলেন এই থালাইভা। এর আগে তামিল তারকা বিজয়ের ‘লিও’ (৬০৫ কোটি রুপি) এবং রজনীকান্তের প্রথম কিস্তি ‘জেলার’ (৬০৪ কোটি রুপি)-এর বৈশ্বিক আয়ের রেকর্ডকেও অনায়াসে ছাড়িয়ে গেছে ‘জেলার ২’।

আরও পড়ুন