EN ☀️
×

Follow Us

বিনোদন

জন্মদিনে ভক্তদের পরীমণির সারপ্রাইজ, আসছে নতুন চলচ্চিত্র

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পিএম

জন্মদিনে ভক্তদের পরীমণির সারপ্রাইজ, আসছে নতুন চলচ্চিত্র

ছবি: সংগৃহীত

অ অ

প্রতি বছরের জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য নতুন কোনো চমক নিয়ে হাজির হন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। শনিবার (২৪ অক্টোবর) নিজের জন্মদিনের বিশেষ রাতেও এর ব্যতিক্রম ঘটেনি। কাছের বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে ভক্তদের জন্য এক দারুণ সারপ্রাইজ দিলেন এই অভিনেত্রী।

‘শিউলি সন্ধ্যা’ নামকরণের এই বর্ণিল উৎসবের মাঝপথে হঠাৎ করেই সবাইকে চমকে দিয়ে মাইক্রোফোন হাতে নেন পরীমণি। মুচকি হেসে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে তিনি বলেন, “ওয়েট! আমার মনে হয়, আমি সবার সঙ্গে কথা বলার আগে সবাইকে একটা টপিক দিয়ে দিলে কথা বলতে সুবিধা হবে। জন্মদিনের একটা সারপ্রাইজ আপনাদের জন্য থাকল।”


পরীমণির এই ঘোষণার পরপরই অনুষ্ঠানস্থলের বড় স্ক্রিনে ভেসে ওঠে তাঁর নতুন চলচ্চিত্র ‘ফারজানা’-র অফিসিয়াল ফার্স্ট লুক। পর্দার এই নতুন রূপ দেখেই করতালিতে ফেটে পড়েন উপস্থিত অতিথিরা।

তরুণ নির্মাতা তারেক রহমানের পরিচালনায় আসছে এই নতুন সিনেমাটি। একজন নারীর একাকী জীবনসংগ্রাম, মাতৃত্বের টানাপোড়েন এবং পারিপার্শ্বিক কঠিন বাস্তবতার এক অদ্ভুত মেলবন্ধন নিয়ে তৈরি হয়েছে এর চিত্রনাট্য। 

চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।

চলচ্চিত্রটি প্রসঙ্গে পরিচালক তারেক রহমান জানান, “এটি মূলত একজন নারীর একাকী লড়াইয়ের গল্প। জীবন কখনো কখনো মানুষকে এমন কঠিন পরীক্ষার সামনে দাঁড় করায়, যেখানে প্রতিটি দিনই সংগ্রাম। আর সেই গল্পের আড়ালেই লুকিয়ে থাকে অজানা কোনো সত্য, না বলা কিছু কথা আর গভীর আবেগ।”

এক নারী, তাঁর সন্তান এবং অনিশ্চিত জীবনের নানা টানাপড়েনকে ঘিরেই এর গল্প এগোবে, যেখানে দর্শকেরা পাবেন ভরপুর আবেগ ও রহস্যের ছোঁয়া।

নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটির প্রায় ৮০ ভাগ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। গল্পটিকে একদম বাস্তবসম্মত ও জীবন্ত করে তুলতে ঢাকার কড়াইল বস্তি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো ব্যস্ত ও চেনা লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়েছে, যা পর্দায় দর্শকদের ভিন্ন অনুভূতি দেবে।

সবকিছু ঠিক থাকলে আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পরীমণি অভিনীত এই নতুন সিনেমা ‘ফারজানা’।

আরও পড়ুন