নেটফ্লিক্সে এবার বাংলা সিরিজ, থাকবে ‘মহানগর’, ‘বোহেমিয়ান ঘোড়া’
ডেইলি সান রিপোর্ট, বিনোদন
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৭ পিএম
ছবি: সম্পাদিত
বাংলাদেশের জনপ্রিয় দুই ওয়েব সিরিজ ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’সহ ওটিটি প্লাটফর্ম ‘হইচই’ এর ১৪টি সিরিজ এবার দেখা যাবে নেটফ্লিক্সে। আশফাক নিপুণ পরিচালিত ‘বোহেমিয়ান ঘোড়া’ নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘শাদি কা সিয়াপ্পা’ নামে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে নেটফ্লিক্সের সঙ্গে এ অংশীদারত্বের ঘোষণা দিয়েছে হইচই। তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী দুই বছরে হইচইয়ে মুক্তি পাওয়া সব নতুন সিরিজ হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় নেটফ্লিক্সে দেখানো হবে। পাশাপাশি হইচইয়ের আগে মুক্তি পাওয়া নির্বাচিত সিরিজও যুক্ত হবে প্ল্যাটফর্মটিতে।
এছাড়া দুই প্রতিষ্ঠান যৌথভাবে নতুন মৌলিক সিরিজ নির্মাণেরও পরিকল্পনা করেছে।
নির্মাতা আশফাক নিপুন পরিচালিত ‘মহানগর’ ও অমিতাভ রেজা পরিচালিত ‘বোহেমিয়ান ঘোড়া’ এ দুটি সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে নতুন আলোচনা ও কৌতুহল তৈরি করেছে। কেন্দ্রীয় চরিত্রে মোশাররফ করিম অভিনীত ক্রাইম থ্রিলার ‘মহানগর’ সিরিজটির একাধিক মৌসুম নির্মিত হয়েছে।
‘মহানগর’ নির্মাতা আশফাক নিপুন এ অর্জনে উচ্ছসিত হয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘সকল প্রশংসা আল্লাহতালার। আর সকল ধন্যবাদ আমার ‘মহানগর’ সিরিজের অভিনয়শিল্পী, কলাকুশলী থেকে শুরু করে বিশেষভাবে আমার টিম এবং হইচইকে, যাদের অবদান ছাড়া ‘মহানগর’ নেটফ্লিক্স পর্যন্ত যেতে পারত না।’
অন্যদিকে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘বোহেমিয়ান ঘোড়া’য়ও রয়েছেন মোশাররফ করিম। তাঁর সঙ্গে অভিনয় করেছেন রুনা খান, সাদিয়া আয়মান, তানজিকা আমিন, মৌসুমী হামিদসহ অনেকে।
নেটফ্লিক্সে সিরিজটির নাম রাখা হয়েছে ‘শাদি কা সিয়াপ্পা’। অন্যদিকে ‘মহানগর’ থাকছে ‘মহানগর’ নামেই।
তবে বাংলাদেশের এই দুই সিরিজ ঠিক কবে থেকে নেটফ্লিক্সে দেখা যাবে, তা এখনো নির্দিষ্ট করে জানানো হয়নি। কোন কোন দেশে সিরিজ দুটি পাওয়া যাবে, সে বিষয়েও আলাদা কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
নেটফ্লিক্স জানিয়েছে, বিভিন্ন স্বাদের গল্পের এই সংগ্রহের উদ্দেশ্য দর্শকদের সামনে বাংলা বিনোদনের বৈচিত্র্য তুলে ধরা। ফলে যাঁরা বাংলা ভাষা বোঝেন না, তাঁরাও নিজেদের পরিচিত ভাষায় গল্পগুলো উপভোগ করার সুযোগ পাবেন।