EN ☀️
×

Follow Us

বিনোদন

মাঝআকাশে বিমানকর্মীদের ঘুষি, কামড়, গ্রেপ্তার সেলমা ব্লেয়ার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২৬ এএম

মাঝআকাশে বিমানকর্মীদের ঘুষি, কামড়, গ্রেপ্তার সেলমা ব্লেয়ার

’লিগ্যালি ব্লন্ড’খ্যাত হলিউড অভিনেত্রী সেলমা ব্লেয়ার।

অ অ

মাঝ আকাশে চলন্ত বিমানে ক্রু মেম্বারদের ঘুষি ও একজনকে কামড় এবং পরবর্তীতে পুলিশ কর্মকর্তা ও নার্সের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ‘লিগ্যালি ব্লন্ড’ খ্যাত হলিউড অভিনেত্রী সেলমা ব্লেয়ার। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রাজ্য ও ফেডারেল— দুই স্তরেই তাঁর বিরুদ্ধে জোরালো আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

গত ১২ অক্টোবর (সোমবার) নিউইয়র্কের কুইন্স আদালতে হাজির করা হলে ৫৪ বছর বয়সী এই অভিনেত্রী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের একাংশে নিজেকে নির্দোষ দাবি করেন।

তবে সেলমার আইনজীবীর দাবি, এটি কোনো ইচ্ছাকৃত অপরাধ ছিল না। বরং গুরুতর স্নায়বিক অসুস্থতা ও ওষুধ বাদ পড়ার কারণে তীব্র মানসিক বিভ্রান্তি থেকে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এর প্রতিবেদন অনুযায়ী, গত ১১ অক্টোবর রাতে লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্কগামী ডেলটা এয়ারলাইনসের ‘ফ্লাইট ৯৩৮’ জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পরপরই সেলমাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রের অডিও রেকর্ড অনুযায়ী, উড়োজাহাজটি আকাশে থাকা অবস্থায় সেলমা ব্লেয়ার চরম আক্রমণাত্মক আচরণ শুরু করেন। তিনি কর্তব্যরত একজন ফ্লাইট অ্যাটেনডেন্টকে ঘুষি মারেন এবং অন্য একজনকে কামড়ে দেন।

পাইলটের অডিও বার্তা অনুযায়ী, সেলমার হামলায় একজন বিমানকর্মীর নাক দিয়ে রক্ত পড়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি বেগতিক দেখে বিমানের ক্রু ও যাত্রীরা মিলে সেলমাকে শারীরিকভাবে নিয়ন্ত্রণে আনেন।

এমনকি আকাশে থাকা অবস্থায় তিনি উড়োজাহাজের জরুরি বহির্গমন দরজা খোলার চেষ্টা করেছিলেন বলেও প্রাথমিক অভিযোগে উল্লেখ করা হয়েছে।

উড়োজাহাজ অবতরণের পর সেলমাকে চিকিৎসার জন্য স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়ার সময় পরিস্থিতি আরও জটিল রূপ নেয়। অভিযোগপত্রে এক পুলিশ কর্মকর্তা জানান, স্ট্রেচারে বাঁধার সময় সেলমা নিজের একটি পা মুক্ত করে ওই কর্মকর্তার মুখ, ঘাড় ও বুকে উপর্যুপরি লাথি মারেন।

হাসপাতালে পৌঁছানোর পরও তিনি শান্ত হননি। সেখানে দায়িত্বরত এক নার্সের বুকেও লাথি মারেন। এই জোড়া হামলার কারণে কুইন্স আদালত তাঁর বিরুদ্ধে দুটি গুরুতর অভিযোগ এনেছেন।

আদালতে সেলমার পক্ষে শুনানিতে অংশ নেন তাঁর আইনজীবী শন বার্নস। বিচারক সেলমার জামিনের জন্য ২০ হাজার মার্কিন ডলার নগদ অথবা ৬০ হাজার ডলারের বন্ড নির্ধারণ করেছেন।

মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামী বছরের জানুয়ারিতে। এর পাশাপাশি মাঝআকাশে বিমানে হামলার অপরাধে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) তাঁর বিরুদ্ধে পৃথক একটি ফেডারেল নোটিশ জারি করেছে, যা ব্রুকলিনের ফেডারেল আদালতে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেলমার আইনজীবী আদালতে যুক্তি দেখিয়েছেন যে, কাজের অতিরিক্ত চাপের কারণে লস অ্যাঞ্জেলেস ছাড়ার আগে সেলমা তাঁর স্নায়বিক উপসর্গ নিয়ন্ত্রণের একটি জরুরি ওষুধের কয়েকটি ডোজ মিস করেছিলেন। একই সাথে যাত্রাপথে তাঁর মাথায় আঘাত লাগে।

ওষুধের ঘাটতি, মাথায় চোট এবং বিমানের উচ্চতার সম্মিলিত প্রভাবে তিনি তীব্র হ্যালুসিনেশন ও বিভ্রান্তির শিকার হন। সেলমার প্রতিনিধি বিনোদন সাময়িকী ‘ভ্যারাইটি’কে জানিয়েছেন, এটি একটি চরম শারীরিক জরুরি অবস্থা ছিল এবং প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে অভিনেত্রীর অবস্থা স্থিতিশীল রয়েছে।

আরও পড়ুন