EN ☀️
×

Follow Us

বিনোদন

‘মন ভেঙেছিল, কেঁদেছিলাম হয়তো’, রাজকে নিয়ে মুখ খুললেন মিমি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৫ এএম

‘মন ভেঙেছিল, কেঁদেছিলাম হয়তো’, রাজকে নিয়ে মুখ খুললেন মিমি
অ অ

একসময় টালিউডে মিমি চক্রবর্তী ও রাজ চক্রবর্তীর প্রেম ছিল ওপেন সিক্রেট। তবে সময়ের সঙ্গে বদলে গেছে সেই সমীকরণ। মিমির সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে ঘর বাঁধেন পরিচালক রাজ। বর্তমানে দুই সন্তানের মা-বাবা তারা। দীর্ঘদিন পর পুরোনো সম্পর্কের প্রসঙ্গ উঠতেই এবার নিজের অনুভূতির কথা জানালেন মিমি।

সম্প্রতি রাজ চক্রবর্তীকে নিয়ে প্রশ্ন করা হলে তাকে ‘ব্রিলিয়ান্ট ফিল্মমেকার’ বলে উল্লেখ করেন মিমি। তবে রাজকে একটি গান উৎসর্গ করার প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিতর্ক এড়ানোর ইঙ্গিত দেন অভিনেত্রী। তার কথায়, ‘কেন? আমি কোনো রকম বিতর্কে জড়াতে চাই না।’

একটি চিরকুটে লেখা ছিল, ‘মন ভাঙার পর’। এর জবাবে মিমি বলেন, ‘আমার মনেই নেই। অনেক বছর আগে মন ভেঙেছিল, কেঁদেছিলাম হয়তো।’ জীবনের কোনো ‘ডিলিটেড পার্ট’ নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রীর উত্তর, ‘ডিলিটেড পার্ট তো ডিলিটেড। সেটা মনে করে কী হবে।’

রাজের সঙ্গে সম্পর্ক ভাঙার পর তুরস্কের জনপ্রিয় লাইন প্রডিউসার মিলি গুলহান কিজিলকায়ারের সঙ্গে মিমির নাম জড়িয়েছিল। যদিও সেই গুঞ্জন বেশিদূর এগোয়নি। এরপর থেকে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে তেমন কোনো আলোচনা সামনে আসেনি।

এরই মধ্যে মিমির বিয়ে নিয়ে নতুন গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, আগামী নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি। তার হবু বর পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। তিনি যুক্তরাজ্যভিত্তিক একটি সুপরিচিত শিপিং সংস্থায় সিনিয়র মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। তবে এ বিষয়ে মিমির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্যের কথা জানা যায়নি।

এদিকে, দীর্ঘ প্রায় ১২ বছর পর আবারও পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করছেন মিমি। তাদের নতুন ছবির নাম ‘তাণ্ডব’। থ্রিলার ঘরানার এই ছবির শুটিং শুরু হয়েছে ২০২৬ সালের সেপ্টেম্বরে। এর আগে রাজ পরিচালিত ‘কাটমুণ্ডু’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তারা। সে সময় তাদের প্রেমের সম্পর্কও ছিল।

‘বোঝেনা সে বোঝেনা’ ও ‘যোদ্ধা’র মতো ছবিতেও একসঙ্গে অভিনয় করেছেন মিমি ও রাজ। ব্যক্তিগত সম্পর্কের অতীত পেছনে ফেলে দীর্ঘ বিরতির পর আবারও পেশাগতভাবে একসঙ্গে কাজ করছেন এই অভিনেত্রী ও পরিচালক।

আরও পড়ুন